ছবি: আপন দেশ
পতিত শক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, বাংলাদেশে আর পতিত ফ্যাসিবাদ ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল শেষে সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সংগঠনটির নেতাকর্মীদের উসকানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে এ মিছিল অনুষ্ঠিত হয়।
রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলে দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিংগেল মোড় ঘুরে কার্যালয়ের সামনে শেষ হয়।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বাংলাদেশে আর পতিত ফ্যাসিবাদ ফিরতে দেয়া হবে না। পাচার করা টাকা দিয়ে পতিত শক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম জনগণকে সঙ্গে নিয়ে রুখে দেয়া হবে।
আরও পড়ুন<<>>আ’লীগের বিচার দাবিতে এনসিপির বিক্ষোভের ডাক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব নেতাকর্মীদের উদ্দেশে বলেন, শুধু আজ নয়, প্রতিদিনই সজাগ থাকতে হবে। নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের সমর্থক বিভিন্ন মহল নানাভাবে উসকানিমূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করবে। তাদের বক্তব্য ও কর্মকাণ্ডের মধ্যে দেশবিরোধী এবং সার্বভৌমত্ববিরোধী প্রবণতা রয়েছে।
মুক্তিযুদ্ধের চেতনার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশের জনগণ কখনো অন্যের গোলামত্ব মেনে নেবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণ সবসময় সচেতন থাকবে।
বিএনপির এ নেতা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে অসংখ্য নেতাকর্মী গুমের শিকার হয়েছেন। জনগণ কখনো গুম ও ক্রসফায়ারের রাজত্ব ফিরে আসতে দেবে না।
তিনি দাবি করেন, বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের চার মাসে কোনো গুম বা ক্রসফায়ারের ঘটনা ঘটেনি। শুধুমাত্র অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলায় কাউকে বন্দি করা হয়নি।
রিজভী বলেন, দেশ এখন অগ্রগতি, সমৃদ্ধি, শান্তি, গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা এবং মতপ্রকাশের স্বাধীনতার পথে এগিয়ে যাচ্ছে। একটি মহল আবারো এসব অর্জন নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ থাকায় সে অপচেষ্টা সফল হবে না।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































