ছবি সংগৃহীত
ইরাকের বিপক্ষে বড় জয় দিয়ে বিশ্বকাপে দুর্দান্ত প্রত্যাবর্তন করে নরওয়ে। এবার আর্লিং হালান্ডের জোড়া গোলে ২৮ বছরের আক্ষেপ ঘুচিয়ে নকআউট পর্বে পা রাখল তারা। বাংলাদেশ সময় মঙ্গলবার (২৩ জুন) সকাল ৬টায় নিউ ইয়র্কে বিশ্বকাপের ‘আই’ গ্রুপের ম্যাচে সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে নকআউট পর্বে পৌঁছে যায় নরওয়ে।
লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের দিনে তাদের পথ অনুসরণ করলেন সময়ের আরেক তারকা আর্লিং হালান্ডও। প্রথম বিশ্বকাপে এসে দুই ম্যাচে চার গোল হয়ে গেল তার। সেনেগালের দুটি গোলই করেন ক্রিস্টাল প্যালেসের ফরোয়ার্ড ইসমাইলা সার।
এদিন ম্যাচের ৪৩ মিনিটে পেদেরসেনের গোলে প্রথমে এগিয়ে যায় নরওয়ে। সে লিড নিয়েই বিরতিতে যায় দলটি।
দ্বিতীয়ার্ধে আরও জমে ওঠে ম্যাচ। ৪৮ মিনিটে হালান্ড ব্যবধান দ্বিগুণ করলেন। তবে মাত্র পাঁচ মিনিট ১১ সেকেন্ড ব্যবধানের লিড ধরে রাখতে পারল নরওয়ে। ইসমাইলা সারের গোলে ব্যবধান কমিয়ে আনল সেনেগাল।
তবে হালান্ড থামলেন না। বের্গের ক্রস থেকে বাম পাশে বল পেয়ে আবার গোল করলেন তিনি। নরওয়ে আবার ফিরে পেল দুই গোলের লিড। স্কোর হলো ৩-১।
আরও পড়ুন<<>>এমবাপ্পের জোড়া গোলে নকআউটে ফ্রান্স
শেষ পর্যন্ত হাল ছাড়েনি সেনেগাল। যোগ করা সময়ে বক্সের ভেতর থেকে আবারও গোল করলেন ইসমাইলা সার। স্কোর হলো ৩-২। পয়েন্ট পাওয়ার স্বপ্ন জেগে উঠল সেনেগালের শিবিরে। তবে শেষ রক্ষা আর হলো না। সময় ফুরিয়ে গেল তাদের।
উল্লেখ্য, প্রথমার্ধে একবার হালান্ডকে থামিয়েছিলেন সেনেগালের গোলরক্ষক এদুয়ার্দ মেন্দি। ৩৫ মিনিটে হালান্ডের জোরালো শট অবিশ্বাস্য দক্ষতায় রুখে দিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত হালান্ডকে আর আটকানো গেল না।
এ জয়ে গ্রুপ আই-তে শক্ত অবস্থানে উঠে এল নরওয়ে। আগের ম্যাচে ইরাককে ৪-১ গোলে হারিয়েছিল তারা। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নকআউটের টিকিট পাকা করল হালান্ডের দল।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































