ছবি : সংগৃহীত
সকালে লিওনেল মেসির হ্যাটট্রিকের পর ফুটবলপ্রেমীদের নজর ছিল রাতে মাঠে নামা ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে। তবে প্রত্যাশা পূরণ করতে পারেননি পর্তুগিজ মহাতারকা। তিনি যেমন গোলের দেখা পাননি তেমনই জয় পায়নি পর্তুগালও। ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ইউরোপের দলটি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পর্তুগাল। এর ফলও পেয়ে যায় দ্রুত। ষষ্ঠ মিনিটে পেদ্রো নেতোর পাস থেকে জোয়াও নেভেস গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেয়। পর্তুগালের জার্সিতে এটি নেভেসের চতুর্থ গোল।
প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি পর্তুগাল। উল্টো প্রথমআর্ধের যোগ করা সময়ের ইতিহাস গড়ে ডিআর কঙ্গো। আর্থার মাসুয়াকুর ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করেন ইওয়ান উইসা। বিশ্বকাপে ৫২ বছর পর ফিরে নিজেদের প্রথম গোলের স্বাদ পায় আফ্রিকার দেশটি। একই সঙ্গে বিশ্বকাপের মঞ্চে প্রথম পয়েন্টও অর্জন করে তারা।
দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলের খোঁজে মরিয়া হয়ে ওঠে পর্তুগাল। ৫৫ মিনিটে জোয়াও ক্যানসেলো বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এরপর ম্যাচের শেষ পর্যন্ত একাধিক আক্রমণ চালিয়েও আর গোলের দেখা পায়নি পর্তুগাল। ফলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।
আরও পড়ুন <<>> বিপদে পর্তুগাল, কী করবেন রোনালদো?
এদিকে ম্যাচে মাঠে নেমে আরেকটি রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর ১৩২ দিন বয়সে বিশ্বকাপে পর্তুগালের হয়ে খেলতে নেমে তিনি দলের একাদশের হয়ে বিশ্বকাপে মাঠে নামা সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড়ের রেকর্ড গড়েন। এর আগে এ রেকর্ড ছিল কানাডার আতিবা হাচিনসনের দখলে।
এছাড়া টানা ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিয়ে লিওনেল মেসির রেকর্ডেও ভাগ বসিয়েছেন রোনালদো। একই দিনে বিশ্বকাপে টানা ছয় আসরে খেলার কীর্তি গড়েন ফুটবল বিশ্বের এ দুই মহাতারকা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































