ফাইল ছবি, আপন দেশ
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির রিপোর্ট সাপেক্ষে হাসপাতাল কর্তৃপক্ষকে দেয়া কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পক্ষে পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবুল হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও অধ্যাদেশের ১২ ধারা অনুযায়ী আগামী ৩০ দিনের মধ্যে এ আদেশের বিরুদ্ধে সরকারের কাছে আপিল বা পুনর্বিবেচনার (রিভিউ) আইনি সুযোগ রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের।
আরও পড়ুন<<>> বিচার হোক দোষীদের, বাঁচুক গরিবের ভরসাও
একই সঙ্গে হাসপাতালে বর্তমানে ভর্তি থাকা রোগীদের অন্যান্য লাইসেন্সপ্রাপ্ত হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসা অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
উল্লেখ্য, গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতকের আকস্মিক মৃত্যু হয়। এক বা দুদিন বয়সী এসব নবজাতক পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে ভর্তি ছিল। এ হৃদয়বিদারক ঘটনার পর দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।
ঘটনা তদন্তে ‘দ্য মেডিক্যাল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর ১১(১) ধারা অনুযায়ী একটি তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য অধিদফতর। তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতালের চরম অবহেলার চিত্র উঠে এলে বৃহস্পতিবার (০৪ জুন) হাসপাতাল কর্তৃপক্ষকে ‘লাইসেন্স কেন বাতিল করা হবে না’ মর্মে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।
প্রথমে ৭ জুন বিকেল ৫টার মধ্যে জবাব দিতে বলা হলেও হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের পর সময়সীমা ৯ জুন পর্যন্ত বাড়ানো হয়। পরে ৯ জুন আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ যে লিখিত জবাব ও ব্যাখ্যা দেয়, তা স্বাস্থ্য অধিদফতরের কাছে সন্তোষজনক মনে হয়নি। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট অধ্যাদেশের ১১ (২)(খ) ধারা অনুযায়ী হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়।
আপন দেশ/এসআর




































