Apan Desh | আপন দেশ

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪, ইরানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:১৯, ১৭ জুন ২০২৬

আপডেট: ১০:৩৭, ১৭ জুন ২০২৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪, ইরানের হুঁশিয়ারি

ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা চূড়ান্ত হয়েছে। শুক্রবার (১৯ জুন) উভয় পক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হবে। তার আগে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল। দখলদার বাহিনীর হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। যুদ্ধ বিরতি লঙ্ঘন করায় ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেনে বলা হয়েছে, যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা চলার মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ গভর্নরেটে একাধিক ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। লেবাননের জাতীয় বার্তাসংস্থা (এনএনএ) এ তথ্য জানিয়েছে। 

মঙ্গলবার (১৬ জুন) মাইফাদুন এলাকায় দুটি গাড়ি লক্ষ্য করে পৃথক ড্রোন হামলার ঘটনা ঘটে। একই সময়ে শৌকিন গ্রামেও আরেকটি গাড়িতে হামলা চালানো হয় বলে জানিয়েছে সংস্থাটি।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘ ও নাজুক আলোচনার পুরো সময়জুড়ে ইরানি কর্মকর্তারা বারবার বলে আসছিলেন, যে কোনো যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে।

যদিও সমঝোতা স্মারকের (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) বিস্তারিত ও চূড়ান্ত বিবরণ এখনও প্রকাশ করা হয়নি, তবে সংঘাতে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গত সোমবার বলেছেন, ওই চুক্তিতে ‘লেবাননসহ সব ফ্রন্টে’ সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার কথা বলা হয়েছে।

আরও পড়ুন<<>>ইরান যুদ্ধ কাগজে কলমে শেষ করলেন ট্রাম্প

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও মঙ্গলবার বলেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের অব্যাহত দখলদারিত্ব ওই চুক্তির লঙ্ঘন হবে। তিনি বলেন, এ যুদ্ধে দখল করা এলাকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার না হলে যুদ্ধ পুরোপুরি শেষ হয়েছে বলা যাবে না।

ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সও সতর্ক করেছে, দক্ষিণ লেবাননে হামলা বন্ধ না করলে ইসরায়েলকে ইরানি সশস্ত্র বাহিনীর কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে।

এদিকে লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। লেবাননে যুদ্ধ বন্ধ করতে, ঘরবাড়ি ধ্বংস করা বন্ধ করতে এবং দখল করা লেবাননের ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহারে ইসরায়েলকে বাধ্য করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানান তিনি।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার ঘোষণা আসার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের দখলদারিত্ব অব্যাহত থাকবে। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, ইরান তাদের আশ্বস্ত করেছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার আলোচনায় তেহরান লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি জোরালোভাবে উত্থাপন করবে।

প্রসঙ্গত, চলতি বছরের ২ মার্চ পুনরায় সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত তিন হাজার ৮২৬ জন নিহত এবং ১১ হাজার ৮৫১ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়