ছবি: আপন দেশ
জমির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত যুবদল নেতা শাহ আলম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নে।
রাজধানীর বাংলাদেশ মেডিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৬ জুন) দিবাগতে তিনি মারা যান। তিনি দুর্গাপুর মধ্যপাড়া গ্রামের আলী আজগরের ছেলে এবং ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, রামদেবপুর উত্তরপাড়া এলাকার একটি আকাশমনি বাগানের জমি নিয়ে নবা সুতার ও বাদশা মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বৃষ্টির পানিতে স্থানীয় নবা সুতারের বাড়ির মাটি ধুয়ে বাদশা মিয়ার জমিতে পড়লে বিষয়টি নিয়ে প্রথমে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়। এতে যুবদল নেতা শাহ আলমসহ কয়েকজন গুরুতর আহত হন।
আরও পড়ুন<<>>জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট-এতিমখানা এখন ভূতের বাড়ি
পরিবার ও স্থানীয়রা জানায়, সংঘর্ষের পর যুবদল নেতা শাহ আলমকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হয়। রাজধানীর বাংলাদেশ মেডিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান। বুধবার (১৭ জুন) সকালে শাহ আলমের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
কালিহাতী থানার ওসি (তদন্ত) আব্দুস ছালাম জানান, তার মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে সতর্ক অবস্থানে রাখা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































