ছবি: সংগৃহীত
দুর্দান্ত এক জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলো আর্জেন্টিনা। যেখানে অপ্রতিরোধ্য ছিলেন দলের মধ্যমণি লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই পেয়েছেন হ্যাটট্রিক। আলজেরিয়ার বিপক্ষে ৩–০ গোলের জয়ে ম্যাচসেরাও হন তিনি।
তবে ম্যাচ শেষে আর্জেন্টাইন অধিনায়ক জানান, মাঠের বাইরের কিছু ব্যক্তিগত জটিলতার কারণে গত কয়েক দিন তার জন্য সহজ ছিল না।
মেসির দুর্দান্ত পারফরম্যান্সের রাতেই তাকে নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। বর্তমানে মেসির বয়স ৩৮ বছর। পরবর্তী বিশ্বকাপের সময় তার বয়স হবে ৪২। ফলে জাতীয় দলের জার্সিতে তার ভবিষ্যৎ নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।
সে প্রসঙ্গ টেনে স্কালোনি বলেন, যেদিন সে (মেসি) ফুটবল ছেড়ে দেবে, আমরা সবাই তাকে খুব মিস করব।
আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে মেসি বলেছেন, আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। ওদের দলে দ্রুতগতির এবং আক্রমণাত্মক অনেক খেলোয়াড় আছে। আমরা যদি তাদের বলের দখল বেশি দিতাম, তাহলে তারা বিপজ্জনক হয়ে উঠতে পারত। বল ছাড়া আমরা ভালোভাবে নিজেদের অবস্থান ধরে রেখেছি এবং শুরুতেই গোল পাওয়ায় ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পেরেছি।
আরও পড়ুন <<>> বিশ্বকাপে মেসির যত রেকর্ড
তবে আর্জেন্টিনা নিজেদের স্বাভাবিক ছন্দে পুরো ম্যাচ খেলতে পারেনি বলেও মনে করেন মেসি।
তিনি বলেন, প্রথমার্ধটা আমাদের জন্য কিছুটা কঠিন ছিল। দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভালো খেলেছি। বিশ্বকাপের প্রথম ম্যাচগুলো সব সময়ই কঠিন হয়। গত বিশ্বকাপ থেকেও আমরা সেটা শিখেছি।
এ বিশ্বকাপে কোনো দলই কাউকে সহজে ছেড়ে দেবে না জানিয়ে মেসি বলেন, প্রতিটি দলই সুসংগঠিত, ভালোভাবে প্রস্তুত এবং নিজেদের খেলার ধরন সম্পর্কে পরিষ্কার ধারণা রাখে। এটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি বিশ্বকাপ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































