Apan Desh | আপন দেশ

ইরানের ফুটবল কর্মকর্তাদের ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২১:৪১, ৬ জুন ২০২৬

ইরানের ফুটবল কর্মকর্তাদের ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

ফাইল ছবি, আপন দেশ

ইরানের জাতীয় ফুটবল দলের একাধিক গুরুত্বপূর্ণ অফিশিয়াল ও সাপোর্ট স্টাফকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। এবারের বিশ্বকাপের সহ আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ফিফার কাছে নালিশ করেছে ইরান। আগামী ১১ জুন যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় পর্দা উঠছে ফুটবল মহোৎসবের।

১৮ মে থেকে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় রিসোর্ট শহর আন্টালিয়ায় নিবিড় অনুশীলন ক্যাম্প করে ইরান দল। শুক্রবার রাতে ফুটবলাররা ভিসা পেয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) নিশ্চিত করেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম বারাক। আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাসের এই প্রচেষ্টাকে তিনি সাধুবাদও জানান। এর কয়েক ঘণ্টার ব্যবধানে আজ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্কে অবস্থিত ইরানি দূতাবাস।

মার্কিন রাষ্ট্রদূতের বার্তার জবাবে তারা জানায়, খেলোয়াড়রা ভিসা পেলেও ম্যানেজমেন্টের একটি বড় অংশকে পরিকল্পিতভাবে ভিসা দেয়া হয়নি। এক্স-এ দেয়া এক পোস্টে ইরানি দূতাবাস জানায়, আপনারা কেন বলছেন না যে দলের ম্যানেজমেন্ট, নির্বাহী কর্মকর্তা, টেকনিক্যাল অ্যাডভাইজার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্টাফদের একটি বড় অংশকে ভিসা দেয়া হয়নি? অথচ তারা যেকোনো জাতীয় ফুটবল দলের অবিচ্ছেদ্য অংশ। আপনারা ইরানের জাতীয় ফুটবল দলের বিরুদ্ধে ইচ্ছাকৃত এবং বৈষম্যমূলক আচরণকে এখন সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছেন।  

আরও পড়ুন<<>>ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

ইরানের গণমাধ্যমগুলোর সূত্রমতে, মার্কিন ভিসা না পাওয়া কর্মকর্তাদের তালিকায় আছেন খোদ ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ, পরিচালক মেহদি খারাতি, ফেডারেশনের সাধারণ সম্পাদক হেদায়েত মোম্বিনি এবং মিডিয়া ডিরেক্টর মহসেন মোতামেদকিয়া। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ‘তাসনিম’ জানিয়েছে, ভিসা না পাওয়া এ কর্মকর্তারা আপাতত দলের সঙ্গেই মেক্সিকো যাবেন এবং সেখান থেকেই মার্কিন ভিসা পাওয়ার চেষ্টা চালিয়ে যাবেন।

এ ঘটনাকে আন্তর্জাতিক ক্রীড়া আইনের সুস্পষ্ট লঙ্ঘন আখ্যা দিয়ে বিশ্বফুটবলের অভিভাবক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক নালিশ জানানোর ঘোষণা দিয়েছে ইরান ফুটবল ফেডারেশন। 

এক বিবৃতিতে তারা বলেছে, যুক্তরাষ্ট্র সরকার জাতীয় দলের বিরুদ্ধে তাদের শত্রুতামূলক আচরণ অব্যাহত রেখেছে। তারা সম্পূর্ণ অখেলোয়াড়সুলভ এবং রাজনৈতিক উদ্দেশ্যে ইরানের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও নির্বাহী কর্মকর্তাদের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে। ইরান ফুটবল ফেডারেশন নিশ্চিতভাবেই বিষয়টি ফিফার মাধ্যমে খতিয়ে দেখবে।

বিবৃতিতে আরও বলা হয়, দায়িত্বশীল সংস্থা হিসেবে ক্যাম্পের দায়িত্বে থাকা এবং জাতীয় দলের জন্য এ মুহূর্তে অত্যন্ত জরুরি ম্যানেজিং ও কারিগরি স্টাফদের ভিসা নিশ্চিত করার সম্পূর্ণ দায়ভার ফিফার। এ ব্যাপারে ফিফা এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়