ফাইল ছবি
কক্সবাজারের টেকনাফ পৌরসভার বহুল আলোচিত সাবেক কাউন্সিলর একরামুল হককে কথিত বন্দুকযুদ্ধে হত্যার ঘটনায় অবশেষে ট্রাইব্যুনালে গড়িয়েছে আইনি প্রক্রিয়া। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) সকালে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এ প্রসিকিউশনের পক্ষ থেকে এ তদন্ত প্রতিবেদন ও অভিযোগপত্র পেশ করা হয়।
২০১৮ সালের ২৬ মে রাতে র্যাবের তথাকথিত এক ‘বন্দুকযুদ্ধে’ প্রাণ হারান তৎকালীন কাউন্সিলর একরামুল হক। সে সময় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ঘটনা ঘটেছিল বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়। কিন্তু হত্যাকাণ্ডের ঠিক পরপরই একরামুলের সঙ্গে তার স্ত্রীর মুঠোফোনের এক কলরেকর্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো দেশে সমালোচনার জন্ম হয়।
ফাঁস হওয়া সেই ফোনালাপে একরামের ছোট মেয়ের কণ্ঠ ভেসে এসেছিল, ‘আব্বু, তুমি কানতেছ যে।’ এর পরপরই শোনা গিয়েছিল গুলির শব্দ এবং মানুষের শোরগোল। তবে সে সময় অভিযুক্ত বাহিনী এবং তৎকালীন সরকারের প্রভাবশালী মন্ত্রীদের প্রত্যক্ষ হুমকি ও বাধার মুখে পরিবারটি আইনগত কোনো পদক্ষেপে যেতে পারেনি; এমনকি থানায় মামলা পর্যন্ত করতে দেয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন<<>>সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল
দীর্ঘ ৬ বছর পর, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে চাপা পড়া এ একরাম হত্যা আবার প্রকাশ্যে আসে। একরামের স্বজনেরা নতুন করে সুবিচারের দাবিতে সোচ্চার হন। পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পুরো ঘটনাটি নতুন করে তদন্ত শুরু করে। দীর্ঘ অনুসন্ধান শেষে শেখ হাসিনাসহ ১১ জনকে দায়ী করে এ প্রতিবেদন জমা দেয়া হলো আজ।
জমা দেয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, একরামুল হককে পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের সুস্পষ্ট ও প্রাথমিক প্রমাণ মিলেছে। বর্তমানে প্রসিকিউশন পক্ষ এ প্রতিবেদনটি গভীরভাবে পর্যালোচনা করছে। খুব শীঘ্রই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) উপস্থাপন করা হবে। এরপর শুনানি শেষে ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত আদেশ দেবেন।
প্রসিকিউশনের দায়িত্বশীল একটি সূত্র নিশ্চিত করেছে, তদন্তে একরামুল হত্যাকাণ্ডের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১১ জনের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার সত্যতা পাওয়া গেছে। সে কারণেই তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে কঠোর বিচারিক শাস্তির সুপারিশ করা হয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































