ছবি: সংগৃহীত
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় আসেন কেপ ভার্দের গোলরক্ষক জোসিমার জোসে এভোরা দিয়াস। যিনি ফুটবল বিশ্বে ভোজিনিয়া নামে পরিচিত।
এবার ৪০ বছর বয়সী এ অভিজ্ঞ গোলরক্ষক যোগ দিয়েছেন চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলোতে।
জানা গেছে, আর্জেন্টাইন সাংবাদিক জার্মান গার্সিয়া গ্রোভা প্রথম এ দলবদলের খবর প্রকাশ করেন। পরে কোলো-কোলো আনুষ্ঠানিকভাবে ভোজিনিয়ার সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করে। চিলিয়ান ক্লাবটির সঙ্গে ১৮ মাসের চুক্তি করেছেন তিনি।
গত ১ জুলাই পর্তুগিজ ক্লাব চাভেসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট হয়ে যান ভোজিনিয়া। এরপর ব্রাজিলের সিরি বি-এর কয়েকটি ক্লাবের সঙ্গে তার নাম জড়ালেও শেষ পর্যন্ত কোনো চুক্তি হয়নি। অবশেষে চিলির অন্যতম সফল ক্লাব কোলো-কোলোর হয়েই নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।
কেপ ভার্দের ক্লাব বাতুকে দিয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন ভোজিনিয়া। এরপর তিনি খেলেছেন মিন্দেলেন্সে, অ্যাঙ্গোলার প্রগ্রেসো সাম্বিজাঙ্গা, মলদোভার জিমব্রু, পর্তুগালের গিল ভিসেন্তে, সাইপ্রাসের এইইএল লিমাসল, স্লোভাকিয়ার এএস ত্রেনচিন এবং সর্বশেষ চাভেসের হয়ে।
বিশ্বকাপে কেপ ভার্দের ইতিহাস গড়ার অভিযানে অন্যতম বড় নায়ক ছিলেন এ গোলরক্ষক। স্পেনের বিপক্ষে দলের প্রথম ম্যাচেই অসাধারণ সব সেভ করে বিশ্বজুড়ে নজর কাড়েন তিনি। সে ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার জনপ্রিয়তাও ব্যাপকভাবে বেড়ে যায়। পুরো বিশ্বকাপজুড়েই ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখেন ভোজিনিয়া। তার দুর্দান্ত নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে ফিফার ২০২৬ বিশ্বকাপের সেরা একাদশেও জায়গা করে নেন তিনি।
কেপ ভার্দে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছিল। রাউন্ড অব ৩২-এ অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেয় তারা। তবে টুর্নামেন্টে নির্ধারিত ৯০ মিনিটে দলটির চারটি ম্যাচই ড্র হয়েছিল, যা তাদের লড়াকু মানসিকতার প্রমাণ।
এদিকে, চলতি মৌসুমে কোলো-কোলো কোপা লিবার্তাদোরেস কিংবা কোপা সুদামেরিকানায় জায়গা করতে না পারলেও চিলিয়ান লিগের শীর্ষে রয়েছে। পাশাপাশি কোপা চিলের শেষ ষোলোতেও উঠেছে দলটি।
আরও পড়ুন : বিশ্বকাপের ফ্লপ একাদশ প্রকাশ, রোনালদোসহ যারা আছেন
কোচ ফার্নান্দো অর্টিজের দলে যোগ দিয়ে ভোজিনিয়া এখন স্কোয়াডের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়। এর আগে এই মর্যাদা ছিল চিলির কিংবদন্তি মিডফিল্ডার ৩৯ বছর বয়সী আর্তুরো ভিদালের।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































