Apan Desh | আপন দেশ

আরেকটি গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জন ফাহাদের

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:১২, ২১ মে ২০২৬

আরেকটি গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জন ফাহাদের

মোহাম্মদ ফাহাদ রহমান

গ্র্যান্ডমাস্টার হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন মোহাম্মদ ফাহাদ রহমান। তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ‘ফুবি একাডেমি নর্ম দাবা প্রতিযোগিতা-সিরিজ ৩’ ইভেন্ট হতে ৯ খেলার একটিতে গ্র্যান্ড মাস্টারের নর্ম অর্জন করেছেন বাংলাদেশের এ আন্তর্জাতিক মাস্টার। 

এটি ফাহাদের দ্বিতীয় গ্র্যান্ড মাস্টারের নর্ম। ২০২৪ সালের মার্চ মাসে ভিয়েতনামে অনুষ্ঠিত হ্যানয় গ্র্যান্ডমাস্টারস দাবা থেকে তিনি প্রথম গ্র্যান্ড মাস্টারের নর্ম করেন। এবারেরটি মিলিয়ে তার ১৮ খেলায় দুটি নর্ম অর্জন হয়েছে। গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্য তার আরও একটি ৯ খেলায় নর্ম এবং রেটিং ২৫০০ করা প্রয়োজন হবে।

গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৯ খেলায় ৭ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন।

স্থানীয় সময় বুধবার (২০ মে) অষ্টম ও নবম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। অষ্টম রাউন্ডের খেলায় মোহাম্মদ ফাহাদ রহমান (রেটিং-২৪২৪) ইরানের ২৪৫৩ রেটিং প্রাপ্ত আন্তর্জাতিক মাস্টার পোউর আগা বালা হারান। অষ্টম রাউন্ডের খেলায় এ বাংলাদেশি আন্তর্জাতিক মাস্টার  কালো ঘুঁটি নিয়ে সিসিলিয়ান ডিফেন্স অবলম্বন করে ৫৯ চালে আন্তর্জাতিক মাস্টার পোউর আগা বালা আমিররেজার বিরুদ্ধে জয়ী হন।

আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা

একই দিন বিকেলে অনুষ্ঠিত নবম বা শেষ রাউন্ডের খেলায় ফাহাদ রহমান জর্জিয়ার আন্তর্জাতিক মাস্টার নিগালিদজে গাইওজের সঙ্গে ড্র করেন। শেষ খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে আন্তর্জাতিক মাস্টার গাইওজের সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ১০ চালের মাথায় ড্র করেন।

তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত তিনটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পাকিজা গ্রুপ আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানকে আর্থিক পৃষ্ঠপোষকতা প্রদান করে। পাকিজা গ্রুপ তিনটি প্রতিযোগিতায় অংশগ্রহণের সম্পূর্ণ ব্যয় বহন করেছে।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ ইভেন্টে বাংলাদেশ, জর্জিয়া, হাঙ্গেরি, ইরান, পোল্যান্ড ও তুরস্কের ৩ জন গ্র্যান্ড মাস্টার, ৪ জন আন্তর্জাতিক মাস্টার, ২ জন ফিদে মাস্টার ও ১ জন ক্যান্ডিডেট মাস্টারসহ মোট ১০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়