ছবি সংগৃহীত
বায়ার্ন মিউনিখকে হতাশ করে আবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেই-পিএসজি। স্থানীয় সময় বুধবার (০৬ মে) রাতে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় বায়ার্ন মিউনিখের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। তবে দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলে জিতে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিল ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচের শেষ মুহূর্তে হ্যারি কেইনের গোল বায়ার্ন মিউনিখকে সাময়িক স্বস্তি দিলেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টিকিট গেছে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হাতেই।
আগামী ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় শিরোপার লড়াইয়ে পিএসজির মুখোমুখি হবে ২০ বছর পর ফাইনালে ওঠা আর্সেনাল।
ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় পিএসজি। বায়ার্নের আক্রমণ ঠেকিয়ে দ্রুত পাল্টা আক্রমণে ওঠে তারা। খভিচা কাভারাটস্কেলিয়ার নিচু ক্রস থেকে দৌড়ে এসে নিখুঁত শটে বল জালে জড়ান উসমান ডেম্বেলে। ২০২৫ সালের ব্যালন ডি’অরজয়ী এ ফরোয়ার্ড চ্যাম্পিয়ন্স লিগে পেলেন নিজের অষ্টম গোল।
২৭ মিনিটে মাইকেল ওলিসের বাম পায়ের দৃষ্টিনন্দন শট অল্পের জন্য বারের ওপর দিয়ে চলে যায়। প্রথমার্ধের শেষ দিকে জামাল মুসিয়ালার কাটব্যাক থেকেও গোল পায়নি বায়ার্ন। পিএসজির গোলরক্ষক মাতভেই সাফোনভ ঝাঁপিয়ে পড়ে বিপদ সামাল দেন।
আরও পড়ুন<<>>ভালো খেলার পুরস্কার পেলেন তাওহীদ–শরিফুল
বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে বায়ার্ন। ৬২ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে যোসিপ স্তানিসিচের নেয়া নিচু শট সহজেই ধরে ফেলেন সাফোনভ। পরে পিএসজির আরও কয়েকটি আক্রমণও ঠেকিয়ে দেন রুশ গোলরক্ষক।
শেষ মুহূর্তে গোল করেছেন হ্যারি কেইন, কিন্তু তাতে লাভ হয়নি। তবে ম্যাচের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সমতায় ফেরে বায়ার্ন। আলফন্সো ডেভিসের পাস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের দারুণ শটে বল জালে পাঠান হ্যারি কেইন।
তবে শেষ পর্যন্ত সে গোলও বায়ার্নকে বাঁচাতে পারেনি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার আনন্দে মেতে ওঠে পিএসজি ফুটবলাররা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































