Apan Desh | আপন দেশ

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, ইসরায়েলি চলচ্চিত্র নির্মাতাদের সমর্থন

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০৭, ১৫ সেপ্টেম্বর ২০২৬

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, ইসরায়েলি চলচ্চিত্র নির্মাতাদের সমর্থন

ছবি: সংগৃহীত

গাজায় দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক কার্যক্রম নিয়ে তথ্যচিত্র তৈরি করা হয়েছে। ‘নাজা’ নামের এ তথ্যচিত্রের নির্মাতাদের সমর্থন দিয়েছেন ইসরায়েলের দুই শতাধিক চলচ্চিত্র নির্মাতা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ইসরায়েলি গণমাধ্যমে এ তথ্য জানা যায়। এ দুই শতাধিক ইসরায়েলি চলচ্চিত্র নির্মাতা একটি পিটিশনে সই করেন।

এ নির্মাতাদের মধ্যে অরি ফোলম্যান ও শ্লোমি এলকাবেটজের মতো প্রখ্যাত পরিচালকেরাও রয়েছেন। পিটিশনে বলা হয়েছে, শিল্প ও সাংবাদিকতার মূল কাজ হলো সমাজে আয়না ধরা।

ভেনিস চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরে এ তথ্যচিত্রটি স্পেশাল জুরি প্রাইজ জেতার পর থেকেই এর নির্মাতা ইউভাল আব্রাহাম এবং রাচেল জোর নানা সমালোচনা ও হুমকির মুখে পড়েন। তাদের প্রতি সমর্থন হিসেবেই মূলত চলচ্চিত্র নির্মাতারা একজোট হয়েছেন। 

এদিকে, ইসরায়েলের সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী মিকি জোহর নিজ দেশের নির্মাতাদের এ কাজকে ‘দেশদ্রোহিতা’ বলে অভিহিত করেছেন। তাদের ইসরায়েলি নাগরিকত্ব কেড়ে নেয়ার হুমকি দিয়েছেন। 

তবে ইসরায়েলি আইন অনুযায়ী সংস্কৃতিমন্ত্রীর একার পক্ষে কারো নাগরিকত্ব কেড়ে নেয়ার ক্ষমতা নেই; এর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়া প্রয়োজন। 

তথ্যচিত্রে কী তুলে ধরা হয়েছে? 

ব্রিটিশ পত্রিকা ‘দ্য গার্ডিয়ান’ এবং ‘জেডব্লিউ ফিল্মস’-এর যৌথ প্রযোজনায় তৈরি ‘নাজা’ তথ্যচিত্রটি তৈরি হয়েছে ২৪ জন বেনামি ইসরায়েলি সেনা ও গোয়েন্দা কর্মকর্তার সাক্ষাৎকারের ভিত্তিতে। গাজায় নজরদারি, টার্গেট নির্বাচন এবং হামলার প্রক্রিয়া এতে তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন <<>> সাবেক প্রেমিকের ফ্ল্যাটে মডেল-অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু

হিব্রু ভাষায় ‘নাজা’ বলতে কোনো হামলায় সম্ভাব্য সাধারণ মানুষের মৃত্যু বা ‘কোলাটারাল ড্যামেজ’-কে বোঝানো হয়। তথ্যচিত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে টার্গেট ঠিক করা। সাধারণ মানুষের প্রাণহানির আশঙ্কা থাকা সত্ত্বেও হামলা চালানোর মতো গুরুতর বিষয়গুলো উঠে এসেছে।

তথ্যচিত্রটির নির্মাতাদের মতে, এটি কোনো একক সেনার ভুল নয়, বরং ইসরায়েলি সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক নীতির ফল। 

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী তথ্যচিত্রে তুলে ধরা সব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, বেনামি উৎস থেকে পাওয়া তথ্যের কোনো সত্যতা যাচাই করা সম্ভব নয়। এছাড়া এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, বরং সামরিক নিয়ম মেনে মানুষই এসব হামলার সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে তারা। 

উল্লেখ্য, এর আগে এ দুই নির্মাতা ফিলিস্তিনি নির্মাতাদের সঙ্গে মিলে অস্কারজয়ী তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’ তৈরি করেছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়