ছবি : আপন দেশ
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে ২ সেনা সদস্য নিহত হন। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সাক্ষাৎকালে তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সরকার ও সেনাবাহিনী সব সময় তাদের পরিবারের পাশে থাকবে বলে আশ্বাস দেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শহীদ সেনা সদস্যদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে সেনা সদস্যরা প্রাণ দিয়েছেন। তাদের আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’
শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, ‘এ শোকের সময়ে সরকার তাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। সরকার ও সেনাবাহিনী সব সময় তাদের পরিবারের পাশে থাকবে।’
প্রয়োজনীয় সহযোগিতার পাশাপাশি শহীদ সেনা সদস্যদের পরিবারের দেখভালেও সরকার দায়িত্ব পালন করবে বলে জানান প্রধানমন্ত্রী।
পরে শহীদ দুই সেনা সদস্যের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি। এ ছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদ সেনা সদস্যদের স্থায়ী ঠিকানায় তাদের পরিবারের জন্য একটি করে বাড়ি নির্মাণের উদ্যোগ নেয়ার কথা জানানো হয়। তাদের স্ত্রীদের চাকরির ব্যবস্থা এবং সন্তানদের জন্য মাসিক ভাতা দেয়ার কথাও জানানো হয়েছে।
আরও পড়ুন: দুর্গাপূজার সরকারি ছুটি কবে থেকে, কত দিন?
গত ৯ সেপ্টেম্বর হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে দুই সেনা সদস্য শহীদ হন।
তারা হলেন, সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিক এবং সৈনিক (গানার) মো. তাসনিম রিফায়াত।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আবু বকর সিদ্দিকের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার স্ত্রী সুরাইয়া আক্তার জুতি, শিশুকন্যা ফাতেমা সিদ্দিকা, বাবা আব্দুল ওহাব ও মা পারভীন আক্তার।
অন্যদিকে মো. তাসনিম রিফায়াতের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার স্ত্রী মোসা. ফাহমিদা আফরিন, শিশুকন্যা রাফসা তাসনিম ইফরা এবং বাবা মো. আসাদুল হক।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































