এস এম এসএম শাহীনুজ্জামান শাহীন
জামালপুর জেলা আওয়ামী লীগ নেতা এস এম এসএম শাহীনুজ্জামান শাহীনকে আটক করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে আটক করে। শাহীনুজ্জামান শাহীন রসিন গ্রুপের কর্নধার। বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি মুলত ডামি প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে ছিলেন।
আটককৃত শাহীনের বিরুদ্ধে রাশিয়ায় মানব পাচারের অভিযোগও রয়েছে বলে জানা গেছে। সরকারের গোয়েন্দা সংস্থার কাছে এমন তথ্যও আছে। আটকও করা হয়েছে একটি সংস্থার তথ্যসূত্রে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং দলীয় নেত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। তবে দেশেই থেকে যান এ নেতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখভাল করেন এ শিল্পপতি শাহীন।
আটকের বিষয়ে উত্তরা থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর এ প্রতিবেদককে বলেন, এস এম এসএম শাহীনুজ্জামান শাহীনকে আটক করা হয়েছে। কিছু বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।
সূত্রের দাবি, বেশ কিছুদিন ধরে উত্তরা ও গাজীপুর এলাকায় আওয়ামী লীগসহ দলীয় নেতাকর্মীদের কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থনৈতিকভাবে সহযোগিতা করছেন শিল্পপতি শাহীন। জামালপুরসহ আশপাশের জেলার বাসিন্দাদের মধ্যে যারা ঢাকায় পলাতক রয়েছেন তাদের সহযোগিতা করছেন। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) গুলশানের মিছিলে তার প্রতিষ্ঠানের কর্মচারীসহ নেতাকর্মী সাপ্লাই দিয়েছেন এস এম শাহীনুজ্জামান।
একই সূত্রে দাবি, আওয়ামী লীগের এ নেতাকে ছাড়িয়ে নিতে ক্ষমতাসীন দলেরই কয়েক নেতা তদ্বির করছেন।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































