ছবি: সংগৃহীত
নিউজিল্যান্ডের বোলারদের ওপর রীতিমতো ছড়ি ঘুরিয়েছেন তাওহীদ হৃদয়। কিউই দুই অভিষিক্ত বোলার নাথান স্মিথ ও ম্যাথু ফিশারকে নিয়ে যেন ছেলেখেলায় মেতে উঠেছিলেন তিনি।
তার ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ ১২ বল হাতে রেখে ৬ উইকেটের দারুণ এক জয় তুলে নেয়। ২৭ বলে ৫১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়ে সংবাদ সম্মেলনে এসে তাওহীদ জানান, শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের পরিকল্পনা ছিল তার।
তার মতে, আক্রমণই সেরা প্রতিরক্ষা। নবম ওভারে দলীয় ৬৬ রানে লিটন আউট হওয়ার পর ক্রিজে নামেন তাওহীদ। শুরুতে কয়েকটি বল দেখে নেয়ার পরই গিয়ার বদলে দেন তিনি এবং দ্রুত রান তুলতে থাকেন।
নিজের পরিকল্পনা নিয়ে তাওহীদ বলেন, লিটন আউট হওয়ার পর দলের রান কিছুটা কম ছিল। তাই তিনি শুরু থেকেই আক্রমণ করতে চেয়েছেন। সে সময় আক্রমণ না করলে দলের জন্য ম্যাচ কঠিন হয়ে যেতে পারত।
নিউজিল্যান্ডের দেয়া ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে খুব বেশি রান করতে পারেনি বাংলাদেশ। সাইফ হাসানকে হারিয়ে স্কোর দাঁড়ায় ৪৪। তাওহীদ মনে করেন, ক্রিকেটে প্রতিদিন সবাই ভালো করবে—এমনটা আশা করা বাস্তবসম্মত নয়।
তিনি বলেন, এটি দলগত খেলা। কখনো ওপেনাররা ভালো করবে, কখনো মিডল অর্ডারকে দায়িত্ব নিতে হবে। আবার কোনো দিন লোয়ার অর্ডারকেও ম্যাচ জিতিয়ে আনতে হতে পারে। তাই সবাইকে প্রস্তুত থাকতে হয়।
আরও পড়ুন <<>> ইতিহাস গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ
এ ম্যাচে বাংলাদেশের জয়ের পেছনে পারভেজ হোসেন ও শামীম হোসেনের অবদানও উল্লেখযোগ্য। বিশেষ করে শামীমের ১৩ বলে ৩১ রানের ইনিংস ম্যাচ সহজ করে দেয়।
শামীমের ব্যাটিং নিয়ে তাওহীদ বলেন, তিনি এমন কিছু শট খেলেন যা দলের অন্যদের মধ্যে খুব বেশি দেখা যায় না। ছয় নম্বর পজিশনে এমন একজন ব্যাটার থাকা গুরুত্বপূর্ণ, যিনি যেকোনো সময় দ্রুত রান তুলতে পারেন এবং বোলারদের চাপে রাখতে পারেন।
তাওহীদ আরও বলেন, টি-টোয়েন্টিতে শুধু বড় ইনিংসই নয়, ছোট কিন্তু কার্যকর ইনিংসও ম্যাচে বড় প্রভাব ফেলে। শামীম ও পারভেজ সেটিই করে দেখিয়েছেন।
শেষে তিনি দলের বোলারদেরও কৃতিত্ব দেন। তার মতে, সবাই পরিকল্পনা অনুযায়ী বল করেছে এবং বিশেষ করে অভিষিক্ত রিপন শেষ ওভারটি দারুণভাবে সামলেছেন। সব মিলিয়ে দলগত পারফরম্যান্সই এ জয়ের মূল চাবিকাঠি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





















