বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক
প্রথম সারির ক্রিকেটারদের ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড। খর্বশক্তির এ কিউই দলের বিপক্ষেই সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে হোঁচট খায় স্বাগতিকরা। তবে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। এবার লাল সবুজ দলের সামনে টি-টোয়েন্টি ‘পরীক্ষা’।
দুই দলের মধ্যেকার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াচ্ছে সোমবার (২৭ এপ্রিল)। দুপুর ২টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে লিটন দাসের দল। এর মধ্যে দিয়ে পাঁচ মাসের বিরতির পর টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরছে বাংলাদেশ।
টাইগারদের লম্বা বিরতির কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপ। মোস্তাফিজুর রহমান ইস্যুকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের সময় বিশ্বকাপ বয়কট করেছে তারা। অথচ গত বছরের মে থেকে ডিসেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে তারা ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল। ওই সময়ে জেতা পাঁচটি দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে হারিয়েছে তারা। ছক্কা হাঁকানোর ধারাবাহিকতায় অভ্যস্ত হয়ে ওঠার পাশাপাশি ছন্দে ছিল পেস আক্রমণও। দুর্ভাগ্য সব প্রস্তুতি শেষ পর্যন্ত ভেস্তে গেছে, যখন অন্তর্বর্তীকালীন সরকার ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে দলকে অংশ নিতে দেয়নি।
আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা
ফলে লিটন দাসদের আবারও নতুন করে শুরু করতে হচ্ছে। কারণ প্রতি দুই বছরের চক্রই মূলত পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ। যেখানে ব্যাটারদের সামনে চ্যালেঞ্জটা বড়। সেটা নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেই দেখা গেছে।
ওয়ানডে সিরিজের পর বোলিং আক্রমণেও এসেছে নতুনত্ব। শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম হাসান পেস বিভাগে নেতৃত্ব দিচ্ছেন। তাদের সঙ্গে আছেন নতুন মুখ আবদুল গাফ্ফার সাকলাইন ও রিপন মন্ডল। স্পিন বিভাগের বাড়তি দায়িত্ব নিচ্ছেন মেহেদী হাসান ও রিশাদ হোসেন।
ম্যাচের আগে রোববার (২৬ এপ্রিল) সিরিজটিকে লম্বা যাত্রার সূচনা হিসেবে উল্লেখ করেছেন লিটন। তার মতে, টানা তিনটি সিরিজই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে। তাই এ সিরিজটা ভালোভাবে শুরু করতে পারলে পরের দুটি সিরিজ তুলনামূলক সহজ হয়ে যাবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।


















