Apan Desh | আপন দেশ

নেপালের বিপক্ষেও জোড়া গোল চান সুলিভান

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৩১, ৩১ মার্চ ২০২৬

নেপালের বিপক্ষেও জোড়া গোল চান সুলিভান

মালদ্বীপে চলছে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের আসর। দুর্দান্ত নৈপুন্য দেখিয়ে এরইমধ্যে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের যুবারা। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সুলিভান ব্রাদার্সের জমজ রোনান সুলিভান। বুধবার (০১ এপ্রিল) সেমিফাইনালে নেপালের বিপক্ষেও দলের জয়ে অবদান রাখতে চান এ আমেরিকা প্রবাসী ফুটবলার।

বাংলাদেশের সামনে এখন ফাইনালের হাতছানি। আর এ গুরুত্বপূর্ণ লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিতে মুখিয়ে আছেন দলের বর্তমান পোস্টার বয় রোনান সুলিভান। আসরে এখন পর্যন্ত বাংলাদেশ জালের দেখা পেয়েছে মোট তিনবার, যার তিনটিতেই সরাসরি অবদান রয়েছে রোনানের।

প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারানোর কারিগর ছিলেন তিনি নিজে; করেছিলেন চোখধাঁধানো জোড়া গোল। এরপর ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে সমতাসূচক গোলটিতেও ছিল যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া ইউনিয়ন একাডেমির এ ফুটবলারের শৈল্পিক অ্যাসিস্ট। বুধবার প্রথম সেমিফাইনালে নেপালের বিপক্ষেও সে ধার বজায় রাখতে চান তিনি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো এক ভিডিও বার্তায় রোনান নিজের লক্ষ্যের কথা জানিয়ে বলেন, এটি একটি কঠিন ম্যাচ হতে যাচ্ছে। আমরা দলগতভাবে খেলে জয় ছিনিয়ে নিতে চাই। 

আরও পড়ুন<<>>আজ বাংলাদেশের সামনে সিঙ্গাপুর

নেপালের বিপক্ষে বিশেষ কোনো পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নে আত্মবিশ্বাসী রোনান জানান, ম্যাচে দুই গোল করাটা আমার কাছে সঠিক লক্ষ্য বলে মনে হয়।

রোনানকে নিয়ে সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে থাকলেও স্কোয়াডে থাকা তার যমজ ভাই ডেকলান সুলিভানকে নিয়ে দানা বাঁধছে বিতর্ক। রক্ষণভাগের ফুটবলার ডেকলানকে এখন পর্যন্ত একটি ম্যাচেও মাঠে নামানো হয়নি। বিশেষ করে ভারতের বিপক্ষে ম্যাচে ডিফেন্সের দুর্বলতা ফুটে উঠলেও তাকে ডাগআউটে বসিয়ে রাখায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন অনেক ফুটবলপ্রেমী।

বুধবরে প্রথম সেমিফাইনালে নেপালের বাধা টপকাতে পারলেই শিরোপার মঞ্চে পৌঁছে যাবে লাল-সবুজের প্রতিনিধিরা। অন্য সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ভুটান। এখন দেখার বিষয়, রোনানের কাঙ্ক্ষিত ‘জোড়া গোল’ বাংলাদেশকে সাফের ফাইনালে নিয়ে যেতে পারে কি না।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়