নাহিদা আক্তার। ছবি: সংগৃহীত
বাংলাদেশের নারী টি-টুয়েন্টি দলের নতুন অধিনায়ক হলেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। তার ডেপুটি হিসেবে থাকবেন সোবহানা মোস্তারি।
রোববার (১৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নিগার সুলতানা দায়িত্ব ছেড়ে দেয়ার পর বাংলাদেশের নারী টি-টুয়েন্টি দলের নেতৃত্বে কে আসছেন, এ নিয়ে কৌতুহল ছিল। অবশেষে এ প্রশ্নের উত্তর মিলেছে। আগামী এক বছরের জন্য নাহিদা আক্তারকে এ নেতৃত্ব দেয়া হলো।
নাহিদার সঙ্গে নারী টি-টুয়েন্টি দলের নেতৃত্বে যুক্ত হয়েছেন সোবহানা মোস্তারিও। ২৪ বছর বয়সী এ ব্যাটারকে দলের সহ-অধিনায়ক করেছে বিসিবি।
২৬ বছর বয়সী নাহিদা বাংলাদেশের নারী ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড়। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই বাঁহাতি স্পিনে দলের অন্যতম ভরসা হয়ে উঠেন তিনি। টি-টুয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেটও তার দখলে।
এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ১১৩টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ১৩২ টি।
আরও পড়ুন <<>> ফিফা সভাপতি ইনফান্তিনো এখন ঢাকায়
আইসিসির পূর্ণ সদস্যদেশগুলোর বোলারদের মধ্যে এ সংস্করণে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় নাহিদা আছেন পাঁচ নম্বরে।
নতুন সহ-অধিনায়ক সোবহানাও এরই মধ্যে বাংলাদেশের নারী ক্রিকেটে নিজের জায়গা পাকা করেছেন। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এ ব্যাটার এখন পর্যন্ত খেলেছেন ৭২টি টি-টুয়েন্টি ম্যাচ।
এ সংস্করণে বাংলাদেশের মাত্র তিনজন নারী ব্যাটার এক হাজারের বেশি রান করেছেন। নিগার সুলতানা ও ফারজানা হকের পর তৃতীয় ব্যাটার হিসেবে এ মাইলফলক স্পর্শ করেছেন সোবহানা।
নতুন অধিনায়ক ও সহ-অধিনায়কের প্রথম পরীক্ষা হতে পারে আগামী মাসেই। ১২ থেকে ২৫ নভেম্বর হওয়ার কথা আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে খেলবে বাংলাদেশ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































