ছবি : আপন দেশ
ঢাকা মহানগরীতে ২০টি জোনে বিশেষ তদারকি কমিটি গঠন করা হচ্ছে। এসব কমিটি প্রধানমন্ত্রী নির্দেশনা ও অনুশাসন বাস্তবায়নে কাজ করবে।
রোববার (১৮ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে এক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
সভায় জানানো হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পর্যায়ের কর্মকর্তারা জোনভিত্তিক এসব কমিটির নেতৃত্ব দেবেন।
কমিটিতে স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, ঢাকা ওয়াসা, মেট্রোপলিটন পুলিশ এবং দুই সিটি করপোরেশনের প্রকৌশল, বর্জ্য ব্যবস্থাপনা ও মেডিকেল উইংয়ের প্রতিনিধিরা থাকবেন। পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যুক্ত থাকবেন।
২০টি জোনাল কমিটির কার্যক্রম পর্যবেক্ষণ, পরিচালনা ও সমন্বয়ের জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে আহবায়ক করে একটি উচ্চপর্যায়ের মূল মনিটরিং কমিটিও গঠন করা হবে।
এ কমিটিতে স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি, যুগ্মসচিব, সিটি করপোরেশনের অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তা এবং ঢাকা ওয়াসা, স্বাস্থ্যসেবা বিভাগ ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন।
আরও পড়ুন <<>> প্রধানমন্ত্রীর বার্তাকে স্বাগত জানিয়েছে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফোরাম
সভায় নেয়া সিদ্ধান্ত অনুযায়ী, এসব কমিটি সরেজমিনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, খালের সীমানা চিহ্নিতকরণ ও পুনঃখনন কার্যক্রম জোরদার করবে। এছাড়া মশক নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়টি তদারকি করবে। পাশাপাশি বৃক্ষরোপণ কার্যক্রমের অগ্রগতিও পর্যালোচনা করা হবে।
পর্যালোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানসহ প্রধানমন্ত্রীর কার্যালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, ঢাকা ওয়াসা এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































