ছবি : সংগৃহীত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পূর্ববিরোধের জেরে ছাত্রদল নেতা মো. উবায়দুর রহমান রাকিবকে (৩০) কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে গ্রেফতাকৃতদের রিমান্ডের জন্য আবেদন করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মামলার ৭ নম্বর আসামি ইয়াকুব মিয়া (৩০) ও ১৬ নম্বর আসামি রমজান মিয়া (২৭)।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের বেহেত্তরী এলাকার পুরোনো মসজিদসংলগ্ন জুয়েল মিয়ার দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত রাকিব আঠারবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় রাকিবের মামা মো. আতিকুর রহমান (৩৯) বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ দেন। পরে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
মামলার এজাহার ও বাদীর অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় একদল ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বেহেত্তরী গ্রামের পুরোনো মসজিদসংলগ্ন জুয়েল মিয়ার দোকানের সামনে জড়ো হন। একপর্যায়ে তারা রাকিবের ওপর হামলা চালান। এজাহারে হামলাকারীদের হাতে রামদা, দা, চাপাতি, ছুরি, লোহার রড ও বাঁশের লাঠি ছিল। এ সময় রাকিবের মাথা লক্ষ্য করে কোপ দেয়া হয়। এতে তার মাথা, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
আরও পড়ুন<<>>রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার-ঠিকাদারকে শোকজ
রাকিবের পরিবার ও মামলার বাদীর অভিযোগ, পূর্বশত্রুতার জেরে তার ওপর এ হামলা চালানো হয়েছে। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে সরে যান। পরে আহত রাকিবকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে রাকিবের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদল। সংগঠনটির আহবায়ক ফরহাদ আহম্মেদ এক বিবৃতিতে হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ রোমন বলেন, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। গুরুতর জখমের ঘটনায় গ্রেফতার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































