ছবি: সংগৃহীত
এশিয়া কাপ নিশ্চিত করা শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। র্যাংকিংয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে এমন ফলের পরও পারফরম্যান্স নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন বাংলাদেশের স্প্যানিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, খেলার দিক থেকে দুই দলের মধ্যে ব্যবধান খুব বেশি ছিল না। তার মতে, মূল পার্থক্য তৈরি হয়েছে ফিনিশিংয়ে। ভিয়েতনাম সুযোগ কাজে লাগিয়েছে, কিন্তু বাংলাদেশ তা পারেনি।
ক্যাবরেরা বলেন, আমাদেরও গোল করার সুযোগ ছিল। কিন্তু শেষ মুহূর্তে আমরা সফল হতে পারিনি। অন্তত একটি গোল পেলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত।
তিনি আরও জানান, দলের কৌশল ঠিকভাবেই কার্যকর হয়েছে। হাই প্রেস, গোল কিক, ডিফেন্সিভ ব্লক এবং বিল্ড-আপে দল পরিকল্পনা অনুযায়ী খেলেছে এবং আক্রমণে যাওয়ার পথও খুঁজে পেয়েছে।
প্রথমার্ধে তিন গোল হজম করলেও দ্বিতীয়ার্ধে আর কোনো গোল খায়নি বাংলাদেশ। তাই কোচ দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সকে বেশি গুরুত্ব দিয়েছেন।
তিনি বলেন, বিশেষ করে দ্বিতীয়ার্ধে আমাদের পারফরম্যান্স ইতিবাচক ছিল। তবে এ ম্যাচ থেকে আমরা শিখেছি, এমন মানের দলের বিপক্ষে ছোট ভুলেরও বড় মূল্য দিতে হয়। ক্যাবরেরা উল্লেখ করেন, দুটি সেট পিস থেকে গোল খাওয়া এবং তৃতীয় গোলটিও প্রতিরোধ করা সম্ভব ছিল।
আরও পড়ুন <<>> প্রথমার্ধে তিন গোলে পিছিয়ে বাংলাদেশ
আগামী ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবেই ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচটি খেলা হয়েছে।
কোচের মতে, এ ম্যাচটি ছিল শিক্ষণীয়। তিনি বলেন, আমরা এখন কোথায় আছি, তা বোঝার জন্য এটি গুরুত্বপূর্ণ ছিল। ইতিবাচক দিকগুলো নিয়ে কাজ করে সিঙ্গাপুরের বিপক্ষে জয় পাওয়ার চেষ্টা করতে হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































