ছবি : সংগৃহীত
ইতিহাস গড়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। পাশাপাশি প্রথম দল হিসেবে তারা এ প্রতিযোগিতায় রেকর্ড তৃতীয় ট্রফি ছুঁয়ে দেখল।
রোববার (০৮ মার্চ) রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নেচে-গেয়ে শিরোপা জয় উদযাপন করেন ভারতীয় ক্রিকেটাররা। ট্রফি নিয়ে তাদের আনন্দে মেতেছেন তারা, একই সঙ্গে আইসিসির কাছ থেকে পেয়েছে মোটা অঙ্কের প্রাইজমানি।
চলতি বিশ্বকাপের জন্য প্রায় ১৬০ কোটি টাকার প্রাইজমানি ঘোষণা করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগের আসরের চেয়ে এবার প্রাইজমানি বেড়েছে ২০ শতাংশ। ২০২৪ সালের চ্যাম্পিয়ন ভারত জিতেছিল প্রায় সাড়ে ২৯ কোটি টাকা।
আরও পড়ুন<<>>আজ আফঈদাদের সামনে উজবেকিস্তান
এবার রোহিত শর্মাদের চেয়ে প্রায় সাত কোটি টাকা বেশি পেয়েছেন সূর্যকুমাররা। ফাইনালে বিজয়ী হয়ে তাদের পকেটে ঢুকেছে ৩৬ কোটি ৫৭ লাখ টাকা। রানার্সআপ নিউজিল্যান্ডও বেশ মোটা অঙ্কের টাকা পেয়েছে। সাড়ে ১৯ কোটি টাকা পেয়েছে ফাইনালের পরাজিত দলটি।
সেমিফাইনালে পরাজিত প্রত্যেক দল ৯ কোটি ৬৩ লাখ টাকা করে পেয়েছে। সুপার এইটে অংশ নেয়া দলগুলোর প্রত্যেকের ব্যাংকে গেছে ৪ কোটি ৬৩ লাখ টাকা করে। গ্রুপ পর্বে বিদায় নেয়া দলের প্রত্যেকে পেয়েছে ৩ কোটি টাকা।
গতবার আইসিসি বিশ্বকাপ প্রাইজমানির বাইরেও ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের চ্যাম্পিয়ন দলকে ১২৫ কোটি রুপি পুরস্কার দিয়েছিল। এবার ঘরের মাঠে শিরোপা উঁচিয়ে ধরায় হয়তো আরও বড় অঙ্কের পুরস্কার অপেক্ষা করছে সূর্যকুমার যাদবদের জন্য। এখন ঘোষণা আসলেই হয়!
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































