ছবি: বাফুফে
প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে খেলছে বাংলাদেশ। অভিষেক ম্যাচে চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে হারলেও দুর্দান্ত লড়াই করেছে লাল সবুজের মেয়েরা। তবে দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে গোলবন্যায় ভেসেছে পিটার বাটলারের শিষ্যরা। সোমবার (০৯ মার্চ) গ্রুপের তৃতীয় ও শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হচ্ছেন আফঈদা-ঋতুপর্ণারা।
দুই দলই হেরেছে তাদের আগের দুই ম্যাচ। তাই এ ম্যাচে যে জিতবে তিন গ্রুপের সেরা তৃতীয় হয়ে যাবে পরের রাউন্ডে। সে সুযোগটি হাতছাড়া করতে চাইবেন না লাল সবুজের মেয়েরা। তাই উজবেকদের বিপক্ষে জয়ের লক্ষ্যে নিয়েই এদিন মাঠে নামবেন আফঈদা খন্দকাররা। পার্থের রেক্টাঙ্গুলার স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে ম্যাচটি। টি স্পোটর্স সরাসরি সম্প্রচার করবে।
পশ্চিম অস্ট্রেলিয়ার শহর পার্থ। বাংলাদেশের ফুটবলের জন্য এ ভেন্যুর একটি বিশেষ স্মৃতিও আছে। ২০১৫ সালে বিশ্বকাপ বাছাইপর্বে এখানে খেলেছিল জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ পুরুষ দল। সে ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। প্রায় এক যুগ পর একই স্টেডিয়ামে নতুন ইতিহাস লেখার সম্ভাবনা নিয়ে মাঠে নামছেন নারী ফুটবলাররা।
আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা
স্টেডিয়ামটির নাম নিয়েও আছে একাধিক পরিবর্তনের গল্প। বাংলাদেশ পুরুষ দল যখন এখানে খেলেছিল তখন এর নাম ছিল 'নিব স্টেডিয়াম'। পরে স্পন্সরশিপের কারণে এর নাম হয় ‘এইচবিএফ পার্ক’। তবে এএফসি টুর্নামেন্টে বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা যায় না বলে নারী এশিয়ান কাপে এ ভেন্যুর নাম রাখা হয়েছে 'পার্থ র্যাকট্যাঙ্গুলার স্টেডিয়াম'।
একই কারণে সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামও এ টুর্নামেন্টে পরিচিত 'ওয়েস্টার্ন স্টেডিয়াম সিডনি' নামে। নারী এশিয়ান কাপে বাংলাদেশের প্রস্তুতিও হয়েছে আধুনিক সুযোগ-সুবিধার মধ্যে। সিডনিতে ভালো স্টেডিয়াম ও মানসম্পন্ন মাঠে অনুশীলনের সুযোগ পেয়েছে দলটি। পার্থেও একই সুবিধা পাচ্ছেন ফুটবলাররা। অথচ দেশের বাস্তবতা ভিন্ন ভালো মানের মাঠের অভাব এখনো বাংলাদেশের ফুটবলের বড় সমস্যা।
বিশ্বকাপের ভেন্যুতে তাই শুধু একটি ম্যাচ নয়- পার্থে বাংলাদেশের নারী ফুটবলারদের সামনে রয়েছে নিজেদের সামর্থ্য দেখানোর আরেকটি বড় মঞ্চ। উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। জয় পেলে এশিয়ান কাপে প্রথম জয়ের স্বাদ পাওয়ার পাশাপাশি কোয়ার্টার ফাইনালের স্বপ্নও জাগতে পারে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































