Apan Desh | আপন দেশ

ভারতীয়দের হৃদয় ভাঙতে আপত্তি নেই স্যান্টনারের

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:১৯, ৭ মার্চ ২০২৬

ভারতীয়দের হৃদয় ভাঙতে আপত্তি নেই স্যান্টনারের

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টি–টোয়েন্টি বিশ্বকাপের মেগা ফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। ফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ের আভাস দিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।

রোববার (০৮ মার্চ) ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতের আহমেদাবাদ শহরে। গুরুত্বপূর্ণ এ ম্যাচ ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে বাড়ছে উত্তেজনা।

গত ১১ বছরে এটি নিউজিল্যান্ডের পঞ্চম আইসিসি সাদা বলের ফাইনাল। একাধিকবার শিরোপার খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত ট্রফি জেতা হয়নি কিউইদের। তাই এবারের আসরে দীর্ঘদিনের শিরোপা খরা কাটাতে মরিয়া দলটি।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে স্যান্টনার বলেন, স্বাগতিক ভারত জাতীয় ক্রিকেট দল ফেভারিট হলেও তাতে তাদের কোনো চাপ নেই। বরং ভারতের মাটিতে ভারতীয় সমর্থকদের স্তব্ধ করে দিতে প্রস্তুত নিউজিল্যান্ড।

তিনি বলেন, সবাই তাদের আন্ডারডগ ভাবলেও সেটি নিয়ে দলের কোনো উদ্বেগ নেই। ছোট ছোট পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে ট্রফি জয়ের সুযোগ তৈরি হবে বলেও জানান তিনি। প্রয়োজন হলে কোটি কোটি ভারতীয় সমর্থকের হৃদয় ভাঙতেও তাদের আপত্তি নেই বলেও মন্তব্য করেন কিউই অধিনায়ক।

পিচ পরিস্থিতি নিয়েও কথা বলেন স্যান্টনার। তার মতে, আহমেদাবাদের উইকেট ব্যাটিং সহায়ক হতে পারে। এ ক্ষেত্রে ভারতের প্রধান গেম-চেঞ্জার হতে পারেন পেসার জাসপ্রিত বুমরাহ।

আরও পড়ুন <<>> ঢাকায় পাকিস্তানের কোচিং স্টাফরা

তবে একজন খেলোয়াড়কে ঘিরে পরিকল্পনা না করে পুরো ভারতীয় ব্যাটিং লাইনআপকে শুরু থেকেই চাপে রাখার কৌশল নিয়েছে নিউজিল্যান্ড। বিশেষ করে পাওয়ার প্লেতে দ্রুত উইকেট তুলে নিয়ে রান তোলার গতি নিয়ন্ত্রণ করতে চায় তারা।

অনুশীলন সেশনেও কিউইদের আগ্রাসী মনোভাব দেখা গেছে। ব্যাটার ফিন অ্যালেন এবং টিম সিফার্ট দীর্ঘ সময় ধরে বড় শট খেলার অনুশীলন করেন।

যদিও সম্প্রতি দ্বিপাক্ষিক সিরিজে নিউজিল্যান্ডকে ৪–১ ব্যবধানে হারিয়েছে ভারত, তবুও আইসিসি টুর্নামেন্টে কিউইদের ধারাবাহিক পারফরম্যান্স স্বাগতিকদের জন্য উদ্বেগের কারণ হয়ে থাকতে পারে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়