মুশফিকুর রহিম
পবিত্র উমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। উমরাহ শেষে যখন তার দেশে ফেরার কথা, ঠিক তখনই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে মধ্যপ্রাচ্যে আকাশ পথ সাময়িক বন্ধ হয়ে যায়। ফলে জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েন এ টাইগার উইকেটকিপার। অবশেষে দেশে ফিরেছেন তিনি।
সোমবার (০২ মার্চ) সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মুশফিককে বহনকারী বিমান। এতে স্বস্তি ফেরে দেশের ক্রিকেট সমর্থকদের মনে।
আরও পড়ুন<<>>খামেনি প্রশ্নে যা বললেন ইরানি নারী ফুটবলাররা
এর আগে রোববার (০১ মার্চ) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে দেশে ফেরার খবর জানান জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। তিনি লেখেন, বাড়ির পথে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, নিরাপদে বিমানের ফ্লাইটে চেপে বসেছি। ইনশাআল্লাহ কাল সকালে ঢাকা থাকব। গত ২৪ ঘণ্টায় যারা নিয়মিত আমার সঙ্গে যোগাযোগ করেছেন এবং দোয়া করেছেন তাদের ধন্যবাদ, আল্লাহ যেন আমাদের নিরাপদে বাড়ি পৌঁছে দেন।
এর আগে তার দেশে ফেরা নিয়ে শঙ্কা তৈরি হলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গণমাধ্যমকে বলেছিলেন, আমি ব্যক্তিগতভাবে এটা মনিটর করছি। ইতোমধ্যে আমার সঙ্গে মুশফিকুর রহিমের কথাও হয়েছে। আমাদের ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা হয়েছে। আশা করছি একটা ফিরতি ফ্লাইটে আগামীকাল সকালেই দেশে ফিরতে পারবে মুশফিক। এখনো পর্যন্ত মুশফিক ভালো আছে, সুস্থ আছে।
প্রসঙ্গত, উমরাহ পালন শেষে সৌদি আরব থেকে দুবাই হয়ে দেশে ফিরতে চেয়েছিলেন মুশফিক। দুবাই যাওয়ার পর সেখান থেকে আবার সৌদি আরবের জেদ্দায় ফেরত পাঠানো হয় তাদের ফ্লাইট। ফলে সৌদিতে অবস্থান করছিলেন মুশফিক।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































