Apan Desh | আপন দেশ

চীনের বিপক্ষে লড়াইয়ে আত্মবিশ্বাসী মনিকারা

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:১৪, ১ মার্চ ২০২৬

চীনের বিপক্ষে লড়াইয়ে আত্মবিশ্বাসী মনিকারা

মিডফিল্ডার মনিকা চাকমা

আর ঘন্টা খানেক বাদেই পর্দা উঠছে এএফসি নারী এশিয়ান কাপের। রোববার (০১ মার্চ) অস্ট্রেলিয়ার পার্থে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ফিলিপাইন। তবে মঙ্গলবার (০৩ মার্চ) নিজেদের অভিষেক ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।

তার দুইদিন আগে রোববার সকালে সিডনির জুবলি স্টেডিয়ামে অনুশীলন করেছেন ঋতুপর্ণা -মনিকা- মারিয়ারা। চীনের মতো শক্তিশালী দলের বিপক্ষে লড়াইয়ে আগে আত্মবিশ্বাসের কমতি নেই তাদের। অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে আশার কথা বললেন মিডফিল্ডার মনিকা চাকমা। 

দুইবারের সাফজয়ী দলের সদস্য মনিকা বলেছেন, আমরা এখানে এসেছি অনেক দিন হয়েছে। এখানকার আবহাওয়ার সঙ্গে অনেকটাই মানিয়ে নিয়েছি। এখানে ভালো অনুশীলন হচ্ছে। প্রতিদিনই আমাদের উন্নতি হচ্ছে। সব মিলিয়ে ভালোই যাচ্ছে।

আরও পড়ুন<<>>আজ পর্দা উঠছে নারী এশিয়ান কাপের, বাংলাদেশের ম্যাচ কবে?

বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ চীন। তাদের শক্তিমত্তা নিয়ে সবাই অবগত। ভিডিও ফুটেজ দেখে প্রতিপক্ষকে আটকানোর কৌশল সাজাচ্ছেন কোচ পিটার বাটলার। এ প্রসঙ্গে মনিকা বলেছেন, যেহেতু ওরা এশিয়ার মধ্যে সেরা, এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়নও, তো ওদের নিয়ে আমাদের প্রত্যেক দিন মিটিং হয়। ভিডিও দেখানো হয়। ওরা কোন পজিশনে কীভাবে খেলে, আমাদের কীভাবে দৌড়াতে হবে বা মাঠে কীভাবে খেলতে হবে, এগুলো মিটিংয়েও বলা হচ্ছে। আর আমরা মাঠেও সেটা নিয়ে কাজ করছি।

চীনের বিপক্ষে রক্ষণ থেকে আক্রমণভাগ সব বিভাগেই এক তাল লয়ে খেলতে চায় বাংলাদেশ। শুরু থেকেই সতর্ক। চীনের শক্তিমত্তা  নিয়ে মনিকার মূল্যায়ন, গোলকিপার থেকে স্ট্রাইকার—সবদিক দিয়ে ওরা শক্তিশালী। আমাদেরও রক্ষণ থেকে আক্রমণভাগ পর্যন্ত সবদিক নিয়ে কাজ করা লাগছে।

চীনের বিপক্ষে ভালো করা কঠিন- এটাই বাস্তবতা। ড্র বা জয়ের লক্ষ্য থাকবে কিনা- এমন প্রশ্নে সরাসরি কোনও উত্তর দেননি মনিকা। তিনি বলেন, আমরা সেরাটা দেয়ার চেষ্টা করবো। ফল যা–ই হোক, আমরা আমাদের সেরাটা দেবো।

মনিকা আরও বলেন, আমরা আমাদের নিজেদের নিয়ে বেশি ভাবছি, কারণ, এখানে পারফরম্যান্স করতে হবে। দেশের জন্য হোক, নিজের জন্য বা পরিবারের, সবার জন্যই আমরা এখানে খেলতে এসেছি। আমরা আমাদের দেশের জন্যই ভাবছি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়