Apan Desh | আপন দেশ

ঈদের দিনের করণীয় আমল-বর্জনীয় কাজ

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১২:৩১, ১৮ মার্চ ২০২৬

ঈদের দিনের করণীয় আমল-বর্জনীয় কাজ

ঈদের নামাজ: ফাইল ছবি

ঈদ আরবি শব্দ, অর্থ ফিরে আসা। এ দিনটি যেহেতু প্রতি বছর ফিরে আসে মুসলিম জীবনে; তাই তাকে ঈদ বলা হয়। ঈদুল ফিতর মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। পবিত্র রমজান মাসব্যাপী সিয়াম সাধনার পর শাওয়াল মাসের ১ তারিখে এ উৎসব উদ্‌যাপিত হয়। এটি কেবল আনন্দের দিন নয়; বরং ইবাদত, কৃতজ্ঞতা, সংযমের সফলতা এবং সামাজিক সম্প্রীতির বহিঃপ্রকাশ।

ঈদুল ফিতরের দিনটি মুসলমানদের জন্য আনন্দ, কৃতজ্ঞতা ও ইবাদতের দিন। তবে এ দিনের রয়েছে নির্দিষ্ট কিছু আদব ও সুন্নত; একইসঙ্গে কিছু কাজ থেকে বিরত থাকাও জরুরি। নিচে ঈদের দিনের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো সংক্ষেপে তুলে ধরা হলো-

ঈদুল ফিতরের দিন যা করবেন-

গোসল ও পবিত্রতা
ঈদের নামাজের প্রস্তুতির অংশ হিসেবে গোসল করা ও মিসওয়াক করা সুন্নত। সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন, মুহাম্মদ (সা.) ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন গোসল করতেন। (সহিহ বুখারি: ১/১৩০)

এর মাধ্যমে বোঝা যায়, ঈদের দিন ইবাদতের পাশাপাশি পরিচ্ছন্নতা ও পরিপাট্যতার প্রতিও বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। গোসল, মিসওয়াক, পরিষ্কার ও উত্তম পোশাক পরিধান- সবই ঈদের দিনের সুন্নত আদবের অন্তর্ভুক্ত।

উত্তম পোশাক পরিধান করা
ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনে পরিষ্কার-পরিচ্ছন্ন এবং সাধ্যের মধ্যে সবচেয়ে উত্তম পোশাক পরিধান করা সুন্নত। ইসলামী পণ্ডিত ইবনুল কাইয়িম (রহ.) বর্ণনা করেছেন, মুহাম্মদ (সা.) দুই ঈদের দিনে সর্বোত্তম ও সুন্দর জামাটি পরিধান করতেন। তার একটি বিশেষ পোশাকও ছিল, যা তিনি ঈদের দিন এবং জুমার নামাজের জন্য ব্যবহার করতেন।

এ থেকে বোঝা যায়, ঈদের দিন নিজেকে পরিচ্ছন্ন, সুন্দর ও সুগঠিতভাবে উপস্থাপন করা সুন্নতের মধ্যে পড়ে এবং এটি ঈদের আনন্দ ও মর্যাদা বৃদ্ধিতে সাহায্য করে।

ঈদের আগে কিছু খাওয়া
ঈদুল ফিতরের দিন নামাজে যাওয়ার আগে কিছু খাওয়া সুন্নত। মহানবী মুহাম্মদ (সা.) খেজুর খেয়ে ঈদের নামাজে যেতেন।

আরও পড়ুন<<>>মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

তাকবির পাঠ
ঘর থেকে ঈদগাহে যাওয়ার সময় উচ্চস্বরে তাকবির (আল্লাহু আকবার, আল্লাহু আকবার...) পাঠ করা মুস্তাহাব বা পছন্দনীয় আমল। ঈদুল ফিতরের ক্ষেত্রে ঈদের চাঁদ দেখার পর থেকে নামাজ শুরু হওয়া পর্যন্ত এবং ঈদুল আজহার ক্ষেত্রে যিলহজ মাসের ৯ তারিখ ফজর থেকে শুরু করে ১৩ তারিখ আসর পর্যন্ত এ তাকবির পাঠ করা যায়।

ঈদের নামাজ আদায়
সমবেতভাবে ঈদগাহে ঈদের নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নতে মুয়াক্কাদা। রাসূলুল্লাহ (সা.) সর্বদা ঈদগাহে খোলা মাঠে জামাতের সঙ্গে নামাজ আদায় করতেন এবং এ সুন্নতের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। এটি মুসলমানদের ঐক্য ও আনন্দের প্রতীক, যা বিনা ওজরে মসজিদে না পড়ে খোলা ময়দানে আদায় করা উত্তম।

এক পথে যাওয়া, অন্য পথে ফেরা
ঈদের নামাজে যাওয়ার সময় এক পথ দিয়ে গিয়ে ফেরার সময় অন্য পথ ব্যবহার করা রাসূলুল্লাহ (সা.)-এর একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। জাবির ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) ঈদের দিন ভিন্ন ভিন্ন পথে চলতেন। এ সুন্নাত পালনের মূল উদ্দেশ্য হলো পথের মানুষদের সালাম দেয়া, শুভেচ্ছা বিনিময়, আনন্দ ভাগাভাগি করা এবং আল্লাহর জমিনে মানুষের আধিক্য ও ইসলামের সৌন্দর্য প্রদর্শন করা।

ঈদুল ফিতরের দিন বর্জনীয় কাজ

অশালীন পোশাক ও কথাবার্তা
ঈদের আনন্দের নামে অশালীন পোশাক, অশোভন কথাবার্তা বা অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত। ঈদ একটি পবিত্র উৎসব, যা আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে, অশালীনতা বা অপসংস্কৃতির নয়। সুস্থ ও মার্জিত আনন্দের মাধ্যমে ঈদের সত্যিকারের ভাবগাম্ভীর্য বজায় রাখা ও নৈতিকতা রক্ষা করা অত্যন্ত জরুরি।

অপচয় ও অপব্যয়
ঈদে খাবার-দাবার বা আয়োজনের ক্ষেত্রে অতিরিক্ত অপচয় ও বিলাসিতা ইসলাম কখনো সমর্থন করে না, বরং এটি নিরুৎসাহিত করে। পবিত্র কুরআনে অপচয়কারীকে ‘শয়তানের ভাই’ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে, ‘খাও ও পান করো, কিন্তু অপচয় করো না; নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের ভালোবাসেন না’ (সূরা আল-আ'রাফ: ৩১)। ইসলামে মধ্যমপন্থা অবলম্বনের নির্দেশ রয়েছে।

নামাজ অবহেলা করা
ঈদের দিন আনন্দ উদযাপনের পাশাপাশি দৈনিক ৫ ওয়াক্ত ফরজ নামাজ (বিশেষ করে ফজর ও জোহর) সময়মতো আদায় করা অপরিহার্য; উৎসবের আমেজে ফরজ ইবাদত অবহেলা করা ইসলামের দৃষ্টিতে অনুচিত ও গুনাহের কাজ। ঈদের নামাজ ওয়াজিব হলেও তা কোনোভাবেই দৈনিক ফরজ নামাজ বা অন্যান্য ফরজ বিধানের বিকল্প নয়।

অহংকার ও প্রদর্শন
ঈদের পোশাক বা আয়োজনকে কেন্দ্র করে আত্মপ্রদর্শন ও অহংকার করা ঈদের চেতনার পরিপন্থী।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়