Apan Desh | আপন দেশ

এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, ইইউ প্রতিনিধিদের বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৯, ১৫ জুলাই ২০২৩

আপডেট: ১৫:৫৭, ১৫ জুলাই ২০২৩

এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, ইইউ প্রতিনিধিদের বিএনপি

বর্তমান সরকারের অধিনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছে বিএনপি। শনিবার (১৫ জুলাই) সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের অফিসে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ কথা জানান দলটির নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, তারা জানতে যাচ্ছে, জনগণের ভোটে নির্বাচন সম্ভব কিনা। আমরা বলেছি এই সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব না।

খসরু বলেন, নির্বাচনের ভোট চুরি তো এখনো চলছে। বিএনপি নেতাদের গ্রেফতার চলছে। পুলিশ, ডিসিদের বদলি চলছে। বিএনপি নেতাদের শাস্তি দিয়ে তারা যেন নির্বাচন করতে না পারে এসব কাজ এখনো চলছে। অর্থাৎ ভোট চুরি প্রতিদিন চলছে। আগামী দিনেও তারা নির্বাচনকে নিয়ন্ত্রণ করে জোর করে ক্ষমতায় যাবে। এ বিষয়গুলো পরিষ্কার। এবিষয়গুলো আলোচনায় এসেছে।

তিনি বলেন, আমরা তাদের বলেছি, শেষ কথা হলো এই সরকারের অধিনে বাংলাদেশের মানুষ তাদের ভোট প্রয়োগ করতে পারবে না।

ইইউ কোনো পর্যবেক্ষক পাঠাবে কিনা এমন প্রশ্নে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, পর্যবেক্ষক পাঠাবে কি পাঠাবে না এটা তাদের ব্যাপার। পর্যবেক্ষক আসার কথা তখনই হয় যখন নির্বাচন হয়। কেউ বিশ্বাস করে না যে বাংলাদেশের নির্বাচনগুলোতে জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচিত করছে। তারা এখানে আসার উদ্দেশ্য পরিষ্কার করছে যে বাংলাদেশে নির্বাচন হয় না। তারা তো নেপাল, ভুটান, পাকিস্তান বা ভারতে যাচ্ছে না। তারা কেন বাংলাদেশে আসছে। বিষয়টি তো দিনের আলোর মতো পরিষ্কার যে বাংলাদেশে নির্বাচন হয় না এবং আগামী নির্বাচন যে হবে না সেটির লক্ষ্যণ আমরা প্রতিদিনই দেখছি।

এর আগে সকাল ৯টায় গুলশানে বিএনপির চেয়ারপার্সন অফিসে এ বৈঠক শুরু হয়। রিকার্ডো চেলারির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলে ছিলেন ছয়জন। প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলিও।

বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল হোসেন জবিউল্লাহ।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়