নাহিদ ইসলাম। ফাইল ছবি
যুক্তরাজ্য সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার (১৩ নভেম্বর) এক সপ্তাহের সফরে তিনি যুক্তরাজ্যে যাচ্ছেন।
এনসিপির প্রতিষ্ঠাকালীন আহবায়কের এটিই প্রথম যুক্তরাজ্য সফর। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকবেন দলের যুগ্ম সদস্য সচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।
পূর্ব লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সফর প্রস্তুতি কমিটির আহবায়ক ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক এহতেশাম হক।
এহতেশাম হক জানান, সফরকালে নাহিদ ইসলাম ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠকের পাশাপাশি ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস ওয়াচের সঙ্গে বৈঠক করবেন। এসব আলোচনায় জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং মানবাধিকার সুরক্ষায় টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জগুলো গুরুত্ব পাবে।
সফরকালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন নাহিদ ইসলাম। সেখানে তিনি জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও ঘটনাবলি তুলে ধরবেন। ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশের যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, তা নিয়ে আলোচনা করবেন।
আরও পড়ুন <<>> জামায়াতের মেজর আখতারের ব্যাংক হিসাব জব্দ
এহতেশাম হক বলেন, নাহিদ ইসলামের এ সফরে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনায় জুলাই গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নির্বিচার দলীয়করণের প্রভাবসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পাবে।
সফরে যুক্তরাজ্যের প্রাণবন্ত ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটিকে আরও ঘনিষ্ঠভাবে জানা এবং তাদের অভিজ্ঞতা, অবদান ও প্রত্যাশার কথা শোনাকে বিশেষ অগ্রাধিকার দেবেন নাহিদ ইসলাম।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেয়া হবে। সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নুরুল হুদা জুনেদও উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































