ছবি: আপন দেশ
অ্যাটর্নি জেনারেল অফিসে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগে দুর্নীতির অভিযোগ করেছেন বিএনপন্থী আইনজীবীদের একাংশ। নতুন করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগের দাবি করেছেন তারা।
রোববার (০২ আগষ্ট) অ্যাটর্নি জেনারেল অফিসের সামনে প্রতিবাদ সমাবেশে এমন অভিযোগ করেন তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে এ সমাবেশ করা হয়।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয় সরকার। বিএনপিপন্থী এ আইনজীবীদের অভিযোগ এ নিয়োগে প্রায় চার কোটি টাকা লেনদেন হয়েছে।
এছাড়া এ নিয়োগে আওয়ামীপন্থী আইনজীবীদের মধ্য থেকে অনেকে নিয়োগ পেয়েছেন। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের কাউকে নিয়োগ দেয়া হয়নি-অভিযোগ করেন প্রতিবাদীরা।
সমাবেশে বক্তব্য দেন, আইনজীবী আকতার হোসেন, শরীফ ইউ আহমেদ, আইয়ূব আলী আশরাফী, এবিএম ইব্রাহীম খলিল, মাসুদ রানা, আনিসুর রহমান খান, জহিরুল ইসলাম সুমন, আনোয়ারা শিখাসহ অনেকেই।
সমাবেশে সাবেক ডেপুটি অ্যটর্নি জেনারেল মাসুদ রানা বলেছেন, বৃহস্পতিবারের নিয়োগে প্রায় চার কোটি টাকা লেনদেন হয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। তারা এ বিষয়ে তদন্ত করতে সরকারের প্রতি আহবান জানান।
অ্যাডভোকেট আইয়ূব আলী আশরাফী বলেছেন, বিএনপির ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ফ্যাসিস্ট, গুপ্ত সুপ্তদের নিয়োগ দেয়া হয়েছে অ্যাটর্নি অফিসে। সরকারকে বিপদে ফেলতে ষড়যন্ত্র করে এ নিয়োগ দেয়া হয়েছে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































