Apan Desh | আপন দেশ

শরিক-জোট নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক সন্ধ্যায়

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১১:১৪, ২০ জুলাই ২০২৬

আপডেট: ১৩:৫২, ২০ জুলাই ২০২৬

শরিক-জোট নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক সন্ধ্যায়

ফাইল ছবি

যুগপৎ আন্দোলন-সংগ্রামের শরিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে এ সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার পতনে যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করবেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ অনুষ্ঠানে যুগপৎ আন্দোলনে শরিক দলের দেড় শতাধিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতোমধ্যে আমন্ত্রিত নেতাদের কাছে প্রধানমন্ত্রীর কার্ড পৌঁছে দেয়া হয়েছে বলেও জানিয়েছেন আতিকুল রহমান রুমন।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা থাকবেন বলে জানান অতিরিক্ত প্রেসসচিব। 

আরও পড়ুন<<>>বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৪৪ শাখার কমিটি গঠন

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠনের পর প্রথম যুগপৎ শরিকদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রাজনৈতিক মহলে এ উদ্যোগকে কেবল সৌজন্য সাক্ষাৎ হিসেবে নয়, বরং জোটের অভ্যন্তরীণ সমন্বয় জোরদার এবং ভবিষ্যৎ রাজনৈতিক সম্পর্কের রূপরেখা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের আগে বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনে চারটি জোটসহ নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে ৪২টি রাজনৈতিক দল সক্রিয় ছিল। নির্বাচনের সময় শরিকদের মধ্যে ১১টি দলকে ১৬টি আসন ছেড়ে দেয় বিএনপি। সরকার গঠনের পর শরিকদের মধ্য থেকে দুজন নেতা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেও অধিকাংশ দল এখনো সরকার কিংবা বিভিন্ন সাংবিধানিক ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে প্রত্যাশিত প্রতিনিধিত্ব পায়নি বলে সংশ্লিষ্ট নেতারা মনে করেন।

জোট শরিক সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনের আগে জোটের শরিক দলগুলোকে বিএনপির দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে তাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ রয়েছে। এ নিয়ে শরিকদের সঙ্গে চলছে টানাপোড়েন। তাই মিত্রদের মান ভাঙাতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনা বৈঠক ও নৈশভোজের আয়োজন করেছেন। সেখানে তারেক রহমানের সঙ্গে শরিক দলগুলোর শীর্ষ নেতাদের খোলামেলা আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement