ছবি : আপন দেশ
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। শেষ বিদায় জানাতে সেখানে জড়ো হন তার সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। এদিকে জানাজায় অংশ নিয়ে ফিরে যাওয়া সময় বিক্ষোভ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।
রোববার (১৭ মে) রাত সাড়ে ১০টার দিকে জানাজায় অংশ নেন নাহিদ ইসলাম, ড. শফিকুল ইসলাম মাসুদ, রাকিবুল ইসলাম রাকিব এবং নাছির উদ্দিন নাছিরসহ বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা।
রাত সোয়া ১০টার দিকে সেনাবাহিনীর লাশবাহী গাড়িতে করে কারিনার মরদেহ শহীদ মিনারে পৌঁছালে সেখানে শোকের পরিবেশ সৃষ্টি হয়। জানাজার আগে পরিবারের পক্ষ থেকে তার বাবা কায়সার হামিদ ও মা লোপা কায়সার বক্তব্য দেন। তারা সবার কাছে কারিনার জন্য দোয়া কামনা করেন।
জানাজা শেষে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে দলটির নেতাকর্মীরা মিছিল বের করেন। তারা শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্যের দিকে অগ্রসর হন।
মিছিলে আরও উপস্থিত ছিলেন দলটির সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদিব এবং উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা।
আরও পড়ুন <<>> সরকারের প্রতি মানুষের আস্থা নাই হয়ে যাবে: হাসনাত আবদুল্লাহ
মিছিল থেকে ‘জুলাইয়ের কারিনা, লও লও লও সালাম’, ‘বিপ্লবী কারিনা, লও লও লও সালাম’, ‘অভ্যুত্থানের কারিনা, লও লও লও সালাম’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ইনকিলাব, ইনকিলাব’ এবং ‘ফ্যাসিস্টের দালালেরা, হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন স্লোগান দেয়া হয়।
এর আগে কারিনার প্রথম জানাজা বনানী ডিওএইচএস মাঠে বাদ মাগরিব এবং দ্বিতীয় জানাজা বনানী দরবার শরীফে বাদ এশায় অনুষ্ঠিত হয়। জানা গেছে, সোমবার (১৮ মে) মুন্সিগঞ্জে গ্রামের বাড়িতে চতুর্থ জানাজা শেষে তাকে দাফন করা হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































