ফাইল ছবি
জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠনের আগে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। ছায়া মন্ত্রিসভা গঠন হলে বিএনপি তা স্বাগত জানাবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি জানান, জাতীয় সংসদ সদস্য ও রাষ্ট্রপতি নির্বাচনের ম্যান্ডেট নির্বাচন কমিশনের রয়েছে। স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন। সে অনুযায়ী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সিইসি সংসদ সদস্যদের শপথ পড়াবেন।
তবে বিদ্যমান সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পড়ানোর এখতিয়ার সিইসির নেই বলে উল্লেখ করেন তিনি। এ বিষয়ে সংবিধান সংশোধন করে শপথ পাঠের কর্তৃপক্ষ নির্ধারণ করা হলে তখন শপথ সম্ভব হবে।
আরও পড়ুন <<>> শপথের পর সংসদীয় দলের সভায় বসবে বিএনপি
এর আগে রোববার ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দেন জামায়াত নেতা শিশির মনির ও এনসিপি নেতা আসিফ মাহমুদ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এ ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়।
বিশ্ব রাজনীতিতে ‘ছায়া মন্ত্রিসভা’ ওয়েস্টমিনস্টার ধারার সংসদীয় ব্যবস্থায় পরিচিত একটি কাঠামো। বিরোধী দলগুলো সাধারণত সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ, সমালোচনা এবং বিকল্প নীতি প্রস্তাবের জন্য এ ধরনের মন্ত্রিসভা গঠন করে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































