ছবি: আপন দেশ
বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও আমার বাংলাদেশ (এবি) পার্টির আসাদুজ্জামান ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনি কার্যালয় ভাঙচুর করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
বরিশাল জেলা এবি পার্টির সদস্য সচিব জিএম রাব্বী বলেন, ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে ঈগল প্রতীকে নির্বাচন করছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নে তার নির্বাচনি কার্যালয় রয়েছে। বুধবার দুপুরে দলের নেতাকর্মীরা ওই কার্যালয়ে বসে আলোচনা করছিলেন। ওই সময় ৭-৮টি মোটরসাইকেলে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা কার্যালয়ে প্রবেশ করে এবি পার্টির নেতাকর্মীদের মারধর করেন। পরে কর্মীদের বের করে কার্যালয় ভাঙচুর করেন তারা।
উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ খান অভিযোগের বিষয়ে গণমাধ্যমকে বলেন, বিএনপি কিংবা ছাত্রদলের নেতাকর্মীরা কোনো প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর করেনি। ঈগল প্রতীকের প্রার্থী পরাজিত হওয়ার ভয়ে মিথ্যা অভিযোগ করে নির্বাচন বিতর্কিত করার চেষ্টা করছেন।
বরিশাল বিমানবন্দর থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, এবি পার্টির প্রার্থী আসাদুজ্জামান ফুয়াদ তার নির্বাচনি কার্যালয় ভাঙচুর ও কর্মীদের মারধরের বিষয়ে অভিযোগ করেছেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।



































