Apan Desh | আপন দেশ

টাকাসহ আটক জামায়াত কর্মীর ২ বছরের কারাদণ্ড

শরীয়তপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:৪০, ১১ ফেব্রুয়ারি ২০২৬

টাকাসহ আটক জামায়াত কর্মীর ২ বছরের কারাদণ্ড

ছবি: আপন দেশ

শরীয়তপুরের নড়িয়ায় নগদ ৭ লাখ ২০ হাজার টাকাসহ এক জামায়াত কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই বছরের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে নড়িয়া পৌর এলাকার বৈশাখীপাড়া থেকে গোলাম মোস্তফা নামের ওই জামায়াত কর্মীকে আটক করা হয়। তিনি শহিদ সামাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বিষয়টি নিশ্চিত করেছেন নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জলিল মাস্টারের বাড়িতে জামায়াতে ইসলামীর কয়েকজন কর্মী টাকা ভর্তি ব্যাগ নিয়ে প্রবেশ করেছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে নগদ ৭ লাখ ২০ হাজার টাকা, একটি ল্যাপটপ ও কিছু কাগজপত্র উদ্ধার করা হয়। এ সময় চারজনকে আটক করা হয়।

আরও পড়ুন <<>> লক্ষ্মীপুরে টাকাসহ কৃষকদল নেতার গাড়ি জব্দ, অতঃপর

আটক চারজনের মধ্যে গোলাম মোস্তফাকে দুই বছরের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করা হয়। বাকি তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়। তারা সবাই শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন ককাউলের কর্মী বলে জানা গেছে।

নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ব্যাগে টাকা পাওয়া যায়। পরে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে যাচাই-বাছাই শেষে একজনকে কারাদণ্ড দেন এবং অন্যদের ছেড়ে দেন।

এ ঘটনায় রাতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন বিএনপির প্রার্থী শফিকুর রহমান কিরণ। তিনি অভিযোগ করে বলেন, জামায়াতের প্রার্থীর জনপ্রিয়তা কমে যাওয়ায় টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়