Apan Desh | আপন দেশ

মেসির দুই ছেলের হাতে নেইমারের জার্সি

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২১:৫৮, ১১ ফেব্রুয়ারি ২০২৬

মেসির দুই ছেলের হাতে নেইমারের জার্সি

ছবি: সংগৃহীত

ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র তার দীর্ঘদিনের বন্ধু ও সাবেক সতীর্থ লিওনেল মেসির পরিবারের জন্য বিশেষ উপহার পাঠিয়েছেন। ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসের বিখ্যাত ১০ নম্বর জার্সি মেসির দুই ছেলে থিয়াগো ও মাতেওর জন্য পাঠান তিনি।

সান্তোস ক্লাব তাদের অফিসিয়াল মাধ্যমে একটি ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, লিওনেল মেসি ও তার দুই ছেলে হাতে ধরে আছেন সান্তোসের ১০ নম্বর জার্সি। ফুটবল ইতিহাসে এ জার্সির রয়েছে বিশেষ মর্যাদা। কিংবদন্তি পেলে তার ক্যারিয়ারের সেরা সময়গুলোতে সান্তোসের হয়ে এ নম্বরেই খেলেছিলেন।

ছবিটি প্রকাশ করে সান্তোস এক আবেগঘন বার্তায় জানায়, নেইমার জুনিয়রের পক্ষ থেকে লিওনেল মেসির জন্য এ উপহার পাঠানো হয়েছে। বার্তায় ১০ নম্বর জার্সির ঐতিহ্য ও ফুটবল ইতিহাসে পেলে, নেইমার ও মেসির অবদানকে তুলে ধরা হয়।

নেইমার নিজেও জার্সিগুলোতে থিয়াগো ও মাতেওর উদ্দেশে ব্যক্তিগত বার্তা লিখে স্বাক্ষর করেন। পরে তিনি ছবিটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন।

আরও পড়ুন <<>> তিন দলের নারী বিপিএল, শুরু কবে

মেসি ও নেইমারের বন্ধুত্ব দীর্ঘদিনের। তারা বার্সেলোনায় চার মৌসুম একসঙ্গে খেলেছেন। পরে প্যারিস সেন্ট জার্মেইতে আরও দুই বছর সতীর্থ ছিলেন। মাঠের বাইরেও তাদের সম্পর্ক ঘনিষ্ঠ বলেই পরিচিত।

২০২৩ সালে পিএসজি ছাড়ার পর মেসি যোগ দেন মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে। অন্যদিকে নেইমার সৌদি আরবের ক্লাব আল হিলালে খেলতে যান। তবে প্রায় ১৩ মাস আগে তিনি নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসেন।

বর্তমানে নেইমারের লক্ষ্য আবার সেরা ফর্মে ফেরা। পাশাপাশি ব্রাজিল জাতীয় দলের হয়ে আগামী বিশ্বকাপে খেলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। মেসির পরিবারের প্রতি এ উপহার তাদের বন্ধুত্বের দৃঢ়তা এবং ফুটবলের ঐতিহ্যের প্রতি সম্মানের একটি দৃষ্টান্ত হিসেবেই দেখছেন ফুটবলপ্রেমীরা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়