Apan Desh | আপন দেশ

কাপাসিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহতদের পাশে রিয়াজ

গাজীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:১৩, ৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৭:২৮, ৬ ফেব্রুয়ারি ২০২৬

কাপাসিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহতদের পাশে রিয়াজ

ছবি: আপন দেশ

গাজীপুরের কাপাসিয়ার শালদই এলাকায় নির্বাচনী প্রচারণা ও ভোটার স্লিপ প্রস্তুত করা নিয়ে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) রাত আটটার দিকের এ সহিংসতায় ৭ জন আহত হয়েছেন।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন আহত কর্মীদের দেখতে যান গাজীপুর-৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান রিয়াজ।

শাহ রিয়াজুল হান্নান রিয়াজ আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং হামলার তীব্র নিন্দা জানান। ঘটনার পর রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক। তার সঙ্গে কাপাসিয়ায় নিয়োজিত যৌথ বাহিনীর কর্মকর্তা, বিজিবি এবং থানা পুলিশের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নজরদারিতে রেখেছে।

স্থানীয়রা জানায়, উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শালদই এলাকায় বিএনপি কর্মীরা বসে ভোটার স্লিপ প্রস্তুত করার সময় এ সংঘর্ষের সূত্রপাত। এতে আহত ব্যক্তিরা হলেন- রাজীব জুম্মা (২৮), মুখলেছুর রহমান, কামাল হোসেন, সালাম, সোহাগ, ফারুক ও লাল মিয়া মোড়ল। আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

এ ঘটনায় আহত লাল মিয়া মোড়ল বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলা করেছেন। মামলায় নামীয় ৫ জনসহ অজ্ঞাতনামা আরও ৩০/৩৫ জনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত আসামীরা হলেন- ১) মো. জাহিদ, ২) মো. ওহিদ বেপারী, ৩) সিদ্দিকুর রহমান, ৪) ইমতিয়াজ হোসেন বকুল, ৫) মো. তুহিন । পুলিশ জানিয়েছে, অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আপন দেশ/এবি

 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়