ফাইল ছবি
মুন্সীগঞ্জের প্রবীণ রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী ও বিএনপির সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই (৭৭) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
আব্দুল হাই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। রাজনৈতিক জীবনে পাঁচবার এমপি নির্বাচিত হওয়ার পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। জাতীয় সংসদের প্যানেল স্পিকারেরও দায়িত্ব পালন করেছেন এ রাজনীতিবিদ।
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি চলছে। পরে মুন্সিগঞ্জে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন<<>>হাসানুল হক ইনু হাসপাতালে
দীর্ঘ রাজনৈতিক জীবনে মুন্সিগঞ্জে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আব্দুল হাই। তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের সহকর্মী, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শোক জানিয়েছেন। অটল নীতি, ব্যক্তিগত নৈতিকতা, সাদামাটা জীবনযাপন ও সহজ বাচনভঙ্গির কারণে দলমত-নির্বিশেষে এলাকায় তার ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা ছিল।
১৯৪৯ সালের ৫ জানুয়ারি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল হাই। তার বাবা মনির উদ্দিন ছিলেন একজন ব্যবসায়ী। তার স্ত্রী জামিলা খাতুন। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক। তার বড় ভাই মহিউদ্দিন আহমেদ জেলা বিএনপির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আব্দুল হাই ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৯৭৩ সালে পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হিসেবে যাত্রা শুরু করেন। পরে ১৯৭৮ সালে বিএনপিতে যোগ দেন এবং ১৯৭৯ সালে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। এরপর ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি, একই বছরের ১২ জুন এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনেও জয়ী হন তিনি। সব মিলিয়ে পাঁচবার এমপি নির্বাচিত হন আব্দুল হাই।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































