ছবি : আপন দেশ
জামায়াতে ইসলামীর নাম উল্লেখ না করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গুপ্ত সংগঠনের ব্যাক্তিরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। যে দলের নেতারা মা-বোনদের সম্মান করে না, তাদের কাছ থেকে মানুষ আত্মমর্যাদা আশা করতে পারে না। বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে নির্বাচনি সমাবেশে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, আগামী ১২ তারিখ জনগণ নির্বাচিত করবে তাদের জবাবদিহির সরকার। কিন্তু ৫ আগস্টের পরে দেখেছি, স্বৈরাচার যে ভাষায় জনগণকে কথা বলতো, গুণী ব্যক্তিকে অপদস্থ করতো, মানুষকে ছোট করতো। কিন্তু দুঃখের সঙ্গে খেয়াল করলাম, সে রীতি বন্ধ হয়নি। একটি দল গুপ্ত পরিচয়ে পরিচিত। এ গুপ্তরা এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে দেশের মানুষের কাছে।
বিএনপি চেয়ারম্যান বলেন, অত্যন্ত কষ্ট ও ঘৃণার সঙ্গে দেখছি, এ জালেমদের নেতা প্রকাশ্যে নারীদের অত্যন্ত কলঙ্কিত শব্দ ব্যবহার করেছেন। যে নেতা ও কর্মীরা মা-বোনদের জন্য সম্মান দেখায় না, শ্রদ্ধা নেই মা-বোনদের প্রতি, তাদের কাছে বাংলাদেশের মানুষ আত্মসম্মানসূচক আচরণ আশা করতে পারে না। তাদের কাছে মানুষের মর্যাদা নেই।
তারেক রহমান বলেন, গুপ্তদের কুমিল্লা জেলার একজন নেতা বলেছেন, ১২ তারিখ পর্যন্ত জনগণের পা ধরবেন, ১২ তারিখের পর জনগণ তাদের পা ধরবে। কোন পর্যায়ের মানুষ তারা, কোন পর্যায়ের মানুষ হলে জনগণকে তুচ্ছতাচ্ছিল্য করছে, মানুষকে কিভাবে তারা ট্রিট করছে, তাদের মানসিকতা কোন পর্যায়ের তা বেরিয়ে এসেছে।
তিনি বলেন, এরা নির্বাচিত হলে জনগণের ভাগ্যে কী দুর্বিষহ জীবন নেমে আসবে, তা বোঝা যাবে। তাই গুপ্তদের উচিৎ শিক্ষা দিতে হবে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। এরা নির্বাচিত হলে জনগণের ভাগ্য কি দুর্বিষহ জীবন নেমে আসবে, তা বোঝা যাবে। তাই গুপ্তদের উচিৎ শিক্ষা দিতে হবে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।
আরও পড়ুন<<>>‘যুবকদের দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তোলা হবে’
স্বৈরাচার সরকারের সঙ্গে তারা প্রতিবারই একসঙ্গে ছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, তারা হলো মুদ্রার এপিঠ ওপিঠ। ৭১, ৮৬, ৯৬সহ বিগত ১৫ বছর তাদের সঙ্গে ছিলেন তারা।
বরিশালের সমস্যাগুলোর বিষয়ে তিনি বলেন, বরিশালে নদী-ভাঙন সবচেয়ে বড় সমস্যা, বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। অনেক কাজ রয়ে গেছে, এই কাজগুলো করতে হলে জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
বিএনপি চেয়ারম্যান বলেন, অনেক কাজ বিএনপির আমলে শুরু হয়েছিল। যা শেষ করা যায়নি। অনেক কাজ জমে গেছে, সমাধান করতে হবে। বিএনপি জয়ী হলে এসব সমস্যার সমাধানে কাজ করতে চায়।
নারীদের ঘরে বন্দী করে রেখে দেশকে সামনে নেয়া যাবে না উল্লেখ করে তারেক রহমান বলেন, নারী-পুরুষ এক সঙ্গে মিলে কাঁধে-কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তা না হলে প্রত্যাশিত দেশ গড়ে তোলা সম্ভব হবে না।
তিনি বলেন, গুপ্ত দলগুলো নারী সমাজকে নিয়ে অপমানজনক ও বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছেন। গুপ্তরা জনগণকে তুচ্ছতাচ্ছিল্য করছে, তাদের বক্তব্যে তাদের মানসিকতা ফুটে উঠেছে। তারা ক্ষমতায় গেলে জনজীবনে দুর্বিষহ অবস্থা তৈরি হবে।
এর আগে দুই দশক পর বরিশালের মাটিতে পা রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুর পৌনে ১২টার দিকে বরিশাল নগরীর বান্দরোডে বরিশাল স্টেডিয়ামে তাকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করে।
এরপর গাড়ি বহর নিয়ে দুপুর ১২টা ২০ মিনিটে বেলস্ পার্ক মাঠের জনসভা মঞ্চে পৌঁছান তারেক রহমান। মঞ্চে উঠে নেতাকর্মীদের উদ্দেশে হাত তুলে অভ্যর্থনা জানান তিনি। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা করতালি এবং স্লোগানে তাকে স্বাগত জানান।
দুপুর সোয়া ১১টায় কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া-মোনাজাতের মধ্যদিয়ে জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়। শুরুতে বক্তব্য দেন- কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লা আমান। এরপর বরিশাল বিভাগের বিভিন্ন জেলার নেতারা বক্তব্য দেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































