Apan Desh | আপন দেশ

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২১:২১, ১ নভেম্বর ২০২৬

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন

ফাইল ছবি, আপন দেশ

গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এ লক্ষ্যে পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সদস্যদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রোববার (০১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। গেজেটে সাক্ষর করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান। 

গেজেটে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর ১৩৮ ধারার ৩(ক) ও ৩(খ) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে এবং একই আইনের ১৩৯ ধারায় নির্ধারিত কার্যাবলী সম্পাদনের উদ্দেশ্যে গার্মেন্টস শিল্প খাতের নিম্নতম মজুরি বোর্ডের সদস্য নিয়োগ দিয়েছে সরকার। 

আরও পড়ুন<<>>শ্রম অসন্তোষের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র: শ্রমমন্ত্রী

গেজেট অনুযায়ী, বিজিএমইএ’র পরিচালক এ বি এম সামছুদ্দিনকে সংশ্লিষ্ট শিল্পের মালিকপক্ষের প্রতিনিধি এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডাব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারকে শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদকে নিম্নতম মজুরি বোর্ডের নিরপেক্ষ সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

পাশাপাশি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুবকে বোর্ডে মালিকদের প্রতিনিধিত্বকারী সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে শ্রমিকদের প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়