Apan Desh | আপন দেশ

চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের ৮৫তম জন্মবার্ষিকী আজ

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৫৯, ২৩ অক্টোবর ২০২৬

আপডেট: ১৮:৪২, ২৩ অক্টোবর ২০২৬

চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের ৮৫তম জন্মবার্ষিকী আজ

চাষী নজরুল ইসলাম। ফাইল ছবি

কালজয়ী চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম। তিনি মুক্তিযুদ্ধভিত্তিক ও সাহিত্যনির্ভর চলচ্চিত্র নির্মাণের জন্য জনপ্রিয় ছিলেন।

শুক্রবার (২৩ অক্টোবর) এ গুণী নির্মাতার ৮৫তম জন্মবার্ষিকী।

চাষী নজরুল ইসলাম ১৯৪১ সালের মুন্সীগঞ্জের বিক্রমপুরের শ্রীনগর থানার সমষপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

১৯৬১ সালে সৈয়দ মোহাম্মদ আউয়ালের মাধ্যমে চলচ্চিত্রজগতে পা রাখেন চাষী নজরুল ইসলাম। কর্মজীবনের শুরুতে খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা ফতেহ লোহানী এবং প্রখ্যাত সাংবাদিক ও চলচ্চিত্রকার ওবায়েদ-উল-হকের সহকারী হিসেবে কাজ করেন তিনি। তাদের সঙ্গে কাজ করেই চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা অর্জন করেন।

স্বাধীন বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে চাষী নজরুল ইসলামের অবদান উল্লেখযোগ্য। ১৯৭২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ পরিচালনার মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।

মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা তুলে ধরার পাশাপাশি বাংলা সাহিত্যের নানা গুরুত্বপূর্ণ রচনাও চলচ্চিত্রে রূপ দিয়েছেন এ নির্মাতা।

তার উল্লেখযোগ্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘সংগ্রাম’, ‘হাঙর নদী গ্রেনেড’ ও ‘মেঘের পরে মেঘ’। সাহিত্যনির্ভর চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘দেবদাস’, ‘শুভদা’, ‘চন্দ্রনাথ’, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে ‘শুভা’ ও ‘শাস্তি’ এবং বঙ্কিমচন্দ্রের উপন্যাস অবলম্বনে ‘বিরহ ব্যথা’। এছাড়া ‘শিল্পী হাসন রাজা’ চলচ্চিত্রটিও নির্মাণ করেন তিনি।

দেশের তিন বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব শেরেবাংলা এ কে ফজলুল হক, মাওলানা ভাসানী ও শহীদ জিয়াউর রহমানকে নিয়েও জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন চাষী নজরুল ইসলাম।

আরও পড়ুন <<>> নেটফ্লিক্সে যাচ্ছে ‘মহানগর’ ‘বোয়েমিয়ান ঘোড়া’

সাংস্কৃতিক ও পেশাগত জীবনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির চারবার নির্বাচিত সভাপতি ছিলেন। এছাড়া জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সভাপতির দায়িত্বও পালন করেন। চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদক, একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানা সম্মাননা পেয়েছেন তিনি।

চাষী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হয়েছে।

২০১৫ সালের ১১ জানুয়ারি ৭৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন এ বরেণ্য চলচ্চিত্রকার। তার নির্মিত চলচ্চিত্র ও সৃজনশীল কাজ বাংলা চলচ্চিত্রের ইতিহাসে দখল করে আছে গুরুত্বপূর্ণ স্থান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়