Apan Desh | আপন দেশ

কাভার্ডভ্যানের ধাক্কায় বিএনপি নেতাসহ পুলিশের এসআই নিহত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৫, ২৩ অক্টোবর ২০২৬

কাভার্ডভ্যানের ধাক্কায় বিএনপি নেতাসহ পুলিশের এসআই নিহত

মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক মোল্লা ও মিজানুর রহমান। ছবি : আপন দেশ

কালীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় স্থানীয় এক বিএনপি নেতাসহ পুলিশের এসআই নিহত হয়েছেন। এ দূর্ঘটনায় পুলিশের আরও দুই সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

শুক্রবার (২৩ অক্টোবর) কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত স্থানীয় বিএনপি নেতার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক মোল্লা। এছাড়া নিহত হয়েছেন কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান।

মো. আশরাফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার (২২ অক্টোবর) আনুমানিক সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কালীগঞ্জ পৌরসভা এলাকার টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কের কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজের সামনে দুর্ঘটনাটি ঘটে।

তিনি বলেন, নিহত রফিকুল ইসলাম রফিক মোল্লা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি তুমলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিনের পূত্র।

থানা সূত্রে জানা যায়, এসআই মিজানুর রহমানসহ পুলিশের একটি দল কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তুমলিয়া এলাকায় সড়কের পাশে টহল ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালন করছিলেন। এসময় তারা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য গাড়ি থামান। তখন একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়।

আরও পড়ুন <<>> নিরাপত্তা শঙ্কায় পর্যটকশূন্য সাজেক

এতে এসআই মিজানুর রহমান, পিএসআই জাবেদ ওমর, চালক কনস্টেবল ফজলে রাব্বি এবং স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম গুরুতর আহত হন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার মোস্তফা আল হোসাইন রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

পুলিশের দাবি, ধাক্কার পর এসআই মিজানুর রহমান কাভার্ডভ্যানের সঙ্গে আটকে গেলে তাকে প্রায় অর্ধ কিলোমিটার টেনে হিচড়ে নিয়ে যায়। এরপর তাকে সড়কের পাশে ফেলে রেখে চালক পালিয়ে যান। পরে স্থানীয় এক রিকশাচালক ও পথচারীরা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

গুরুতর আহত এসআই মিজানুর রহমান ও পিএসআই জাবেদ ওমরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে এসআই মিজানুর রহমানের মৃত্যু হয়।

পিএসআই জাবেদ ওমর ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আহত কনস্টেবল ফজলে রাব্বিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়