ছবি: আপন দেশ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিতর্কিত কথোপকথনের অডিও ফাঁসের ঘটনায় প্রত্যাহার হওয়া ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসানকে এবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে ডিবিতে ডাকার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।
তিনি বলেন, ডিএমপি থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিই তাকে ডেকেছে। কমিটিতে ডিবির একজন আছেন। অন্য দুজন ডিএমপি সদরদপ্তরের। রাকিবুল হাসানকে ভাইরাল হওয়া অডিওর বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ওসি রাকিবুলের নামে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিতর্কিত কথোপকথন শোনা যায়।
আরও পড়ুন : ২৪৩০ কোটি ডলারে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান কিনছে সৌদি
অডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না। রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল।
তাই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই তার দেশে আসা উচিত। পুলিশ কিছুই করতে পারবে না।
অডিওতে আরও দাবি করেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপির দিকে ঝুঁকছেন, তবে মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা তা করছেন না।
এছাড়া পুলিশের পদায়নে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়েও কথা বলতে শোনা যায় ফাঁস হওয়া ওই অডিওতে।
ভাইরাল হওয়া এই অডিও রেকর্ডটি নিয়ে অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রোফাইল থেকে পোস্ট দিয়ে সাফাই গেয়েছেন ওসি রাকিবুল হাসান। তার দাবি, অডিওটি সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
এআই প্রযুক্তি দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। গণমাধ্যমকে সঠিক তথ্য যাচাই করে খবর প্রকাশের অনুরোধ জানান তিনি।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































