ফাইল ছবি, আপন দেশ
চলতি বছরের প্রথম ৭ মাসে ১০ থেকে ১৭ বছর বয়সি শিশু নিখোঁজ হয়েছে ১৫ হাজার ২৪৩ জন। তার মধ্যে ১৩ হাজার ২৭৩ জনকে উদ্ধার করা হয়েছে, আবার কেউ ফিরে এসেছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। তবে নিখোঁজ হওয়াদের মধ্যে এখনও ২ হাজার বেশি শিশু এখনো উদ্ধার হয়নি বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) এ তথ্য দিয়ে পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সংক্রান্ত সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেখানে নিখোঁজের খবর বলা হলেও উদ্ধার বা ফিরে আসার কোনো তথ্য দেয়া হয়নি। সে বিভ্রান্তি দূর করতেই বিজ্ঞপ্তিতে নিখোঁজের তথ্য তুলে ধরেছে পুলিশ সদর দফতর।
তারা জানায়, এ বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত শূন্য থেকে নয় বছর বয়সি শিশু নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে ৪৭৪টি। এসব জিডির বিপরীতে উদ্ধার হয়েছে ৪০৬ জন। এখনও ৬৮ শিশুকে উদ্ধার করা সম্ভব হয়নি।
বছরের প্রথম সাত মাসে ১০ থেকে ১৭ বছর বয়সি শিশু নিখোঁজ হয়েছে ১৫ হাজার ২৪৩ জন। তার মধ্যে ১৩ হাজার ২৭৩ জনকে উদ্ধার করা হয়েছে, আবার কেউ নিজ থেকেই ফিরে এসেছে।
আরও পড়ুন<<>>পরিচয়পত্রের পরিবর্তে আসছে এক-আইডি
আর এ বয়সের (১০ থেকে ১৭) শিশুদের মধ্যে এখন পযর্ন্ত এক হাজার ৯৭০ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পুলিশ সদর দফতর বলছে, এ সময়ে মোট ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হয়েছে। তাদের মধ্যে এখনো দুই হাজার ৩৮ জন উদ্ধার হয়নি। যা মোট নিখোঁজ শিশুর ১৩ শতাংশ।
বিজ্ঞপ্তিতে নিখোঁজ হওয়ার কারণও তুলে ধরা হয়।
সেখানে বলা হয়েছে, শূন্য থেকে নয় বছরের শিশুরা সাধারণত পরিবারের সদস্যদের সঙ্গে অপরিচিত স্থানে ঘুরতে গিয়ে পথঘাট ভুলে যাওয়া, পরিবারের সদস্যদের নাম ঠিকানা বলতে না পারা এবং একাকী বাসায় ফিরতে গিয়ে অন্য স্থানে চলে যাওয়া নিখোঁজ হওয়ার অন্যতম কারণ।
আর ১০ থেকে ১৭ বছর বয়সি শিশুদের নিখোঁজের কারণ বলা হয়েছে, অভিমান করে, পড়ালেখার চাপ, অনৈতিক কাজে জড়িয়ে লজ্জার ভয়ে পালিয়ে থাকা, স্বাধীন জীবন-যাপনের আকাঙ্ক্ষা, পরিবারের সদস্যদের কাছ থেকে অর্থ বা অন্য কোনো সুবিধা আদায়ের কৌশল, পারিবারিক কলহ ও অশান্তি এবং বন্ধু বা সহপাঠীদের প্রভাব।
বিজ্ঞপ্তিতে ২০২৩ সালে ১৭ হাজার ৮০৮, ২০২৪ সালে ১৬ হাজার ৪১৪ এবং ২০২৫ সালে ২২ হাজার ৫৫০টি নিখোঁজের জিডির তথ্য দিলেও এসময় কতজন উদ্ধার হয়েছে বা ফিরে এসেছে এর হিসাব দেয়নি পুলিশ সদর দফতর।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































