ছবি: আপন দেশ
আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য কোনো গণমাধ্যম প্রচার করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (০৪ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট যদি বিদেশে বসে কোনো বক্তব্য দেয়, সেটি প্রচার করা হলে আদালতের নির্দেশ অমান্য করা হবে। এবার আদালতের নির্দেশ অমান্য হলে ব্যবস্থা নেয়া হবে। সরকারের কাজ হচ্ছে আদালতের রায় বাস্তবায়ন করা।
ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে চায়। এ ক্ষেত্রে তাঁর সব আইনগত অধিকার নিশ্চিত করা হবে এবং আদালতের রায় সরকার মেনে চলবে।
তিনি বলেন, দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার বক্তব্য ‘আস্ফালন’ ছাড়া কিছু নয়। তার দাবি, বাস্তবে তা করার সক্ষমতা তার নেই। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক রয়েছে এবং এ নিয়ে কোনো ভূরাজনৈতিক জটিলতা নেই।
তসলিমা নাসরিনের বিষয়ে তিনি বলেন, তাকে দেশে ফিরিয়ে আনার কোনো সরকারি উদ্যোগ নেই। তবে তিনি দেশে ফিরতে চাইলে প্রচলিত নিয়ম অনুযায়ী আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।
আরও পড়ুন<<>>‘পুলিশকে ডিমোরালাইজড করতে অপপ্রচার চলছে’
খাদ্য ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। টমেটো ও কাঁচামরিচের দামও শিগগিরই সহনীয় পর্যায়ে আসবে বলে আশা করা হচ্ছে।
তিনি জানান, এলএনজি টার্মিনালে দুর্ঘটনার কারণে ঢাকার বাইরে কিছু এলাকায় বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুতের চাহিদা বেড়েছে। তবে কয়েক দিনের মধ্যে ধাপে ধাপে পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে জ্বালানির সাশ্রয়ী ব্যবহারের আহবান জানান।
অস্বাভাবিক বিদ্যুৎ বিলের বিষয়ে তিনি বলেন, কোনো গ্রাহক এমন বিল পেলে সংশ্লিষ্ট অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন।
ব্রিফিংয়ে তিনি আরও জানান, আগামী ৬ আগস্ট থেকে ‘জুলাই শহীদ স্মৃতি জাদুঘর’ সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে। জাদুঘরে প্রবেশমূল্য বড়দের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া বুধবার (০৫ আগস্ট) সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত নতুন ২০টি গানকে পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































