ফাইল ছবি, আপন দেশ
রাজধানীর পল্লবী থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য আহত হয়েছেন।
রোববার (০৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ওসি জালাল উদ্দিন। তিনি বলেন, আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, মোটরসাইকেলে আসা ২ দুর্বৃত্ত ফ্লাইওভারের ওপর থেকে থানায় ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে বিস্ফোরণ ঘটলে থানার গেটের ভেতরে অবস্থানরত এসআরবি-৪-এর এক সদস্যের শরীরে ককটেলের বিস্ফোরিত অংশের ছিটে লাগে। এতে তিনি সামান্য আহত হন।
আরও পড়ুন<<>>রাজধানীতে স্কুলবাসে আগুন, ককটেল বিস্ফোরণ
এর আগে, মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিআইডি কার্যালয়ের সামনে বীর উত্তম শামসুল আলম সড়কে একটি ককটেল বিস্ফোরণ হয়। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানায় পুলিশ।
এর আগে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পৃথক স্থানে ৫টি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছেন শিক্ষার্থী ও উপস্থিত লোকজন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































