Apan Desh | আপন দেশ

স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে হত্যা, শিশুসন্তানকে নিয়ে পলাতক স্বামী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৩২, ২ আগস্ট ২০২৬

স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে হত্যা, শিশুসন্তানকে নিয়ে পলাতক স্বামী

প্রতীকী ছবি

রাজধানীর কলাবাগানে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত হয়েছেন। রোববার (০২ আগস্ট) সকাল ৮টার দিকে কলাবাগান থানার কাঠালবাগান আল আমিন মসজিদ রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফারজানা আক্তার (২১) ও তার মা ফিরোজা বেগম (৩৪)। 

নিহত ফিরোজা বেগমের স্বামী মো. ফারুক হোসেন বলেন, সকালে ফোনে খবর পাই, কাঠালবাগানের বাসায় মেয়ের স্বামী শিপনের সঙ্গে ফারজানা ও ফিরোজা বেগমের ঝগড়া হচ্ছে। খবর পেয়ে দ্রুত বাসার উদ্দেশে রওনা দিই।

তিনি জানান, সকাল ৯টার দিকে বাসায় পৌঁছে তিনি দেখেন, ফারজানা রক্তাক্ত অবস্থায় নিহত হয়ে পড়ে আছেন। আর ফিরোজা বেগম গুরুতর আহত অবস্থায় কাতরাচ্ছেন। পরে মেয়ের মরদেহ বাসায় রেখে ফিরোজা বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফারুক হোসেন জানান, তাদের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায়। গত শুক্রবারের আগের শুক্রবার মা ও মেয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। গত পরশু শুক্রবার ছিল তার ভাতিজার বিয়ের অনুষ্ঠান। বিয়ের আগের দিন শিপনও সেখানে যান। তবে বিয়ের দিন সকালে ফারজানা ও শিপনের মধ্যে কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়। এরপর খাওয়া-দাওয়া না করেই শিপন ঢাকায় ফিরে আসেন।

তিনি আরও জানান, শনিবার (০১ আগস্ট) রাতে মা, মেয়ে ও তিনি গ্রামের বাড়ি থেকে ঢাকার কাঠালবাগানের বাসায় ফেরেন। রোববার সকালে তিনি বাসার বাইরে থাকাকালে আগের বিষয়গুলো নিয়ে আবারও শিপনের সঙ্গে মা-মেয়ের ঝগড়া হয়। একপর্যায়ে শিপন ধারাল ছুরি দিয়ে দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। পরে তাদের এক বছর বয়সী ছেলে রায়হানকে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। শিপনের বাসা মোহাম্মদপুর এলাকায়।

আরও পড়ুন : ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহবান

তথ্যটি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর মো. ফারুক জানান, ফিরোজা বেগমের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কলাবাগান থানাকে জানানো হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়