ছবি: আপন দেশ
তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, প্রকল্পটি নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের উদ্যোগ নেয়া হচ্ছে। পদ্মা সেতুর মতোই এ প্রকল্পও দৃশ্যমান হবে এবং এর কাজ শুরু হবে।
শুক্রবার (১৯ জুন) নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারাজ এলাকায় তিনি এ কথা বলেন। সে সময় তিনি নদীভাঙন কবলিত স্থানও পরিদর্শন করেন।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তিস্তা মহাপরিকল্পনা শুধু উত্তরাঞ্চলের জন্য নয়, সমগ্র দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। নির্বাচনের আগে তিস্তা আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এ অঞ্চলের মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের নিয়ে সরেজমিন পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে আসাদুল হাবিব দুলুসহ সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা হয়েছে। খুব দ্রুত বিশেষজ্ঞ দলের কারিগরি মূল্যায়ন শেষ করে প্রকল্পটি একনেকে উপস্থাপন করা হবে।
আরও পড়ুন <<>> এতিমখানায় ১৪০ কোটি টাকা দিচ্ছে সরকার
মন্ত্রী জানান, শুষ্ক মৌসুমে তিস্তা নদীতে পানির স্বল্পতার কারণে কৃষকরা ক্ষতির মুখে পড়েন। অন্যদিকে বর্ষা মৌসুমে ভারতের গজলডোবা ব্যারাজ থেকে অতিরিক্ত পানি ছেড়ে দেয়ায় তীব্র স্রোতের সৃষ্টি হয়, যা নদীভাঙনকে ত্বরান্বিত করে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে পানি ব্যবস্থাপনা উন্নত হবে, নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেয়া সম্ভব হবে এবং কৃষি উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে।
এসময় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংসদ সদস্য হাসান রাজীব প্রধান ও রোকনউদ্দিন বাবুল এবং পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































