ছবি : আপন দেশ
রাজধানীর শাহবাগ এলাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মীর সঙ্গে ট্রাফিক পুলিশের এক সার্জেন্টের মারধর ও ধস্তাধস্তির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঘটনা ঘটেছে মঙ্গলবার (০৫ মে) শাহবাগ এলাকায়।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট মধ্যবয়সী এক ব্যক্তিকে শার্টের কলার চেপে ধরে আছেন। এক পর্যায়ে তিনি পিস্তলও বের করে হাতে নেন। পরে ওই ব্যক্তিকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। সেখানেও দীর্ঘক্ষণ এ নিয়ে উভয়পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ করতে থাকেন।
খোঁজ নিয়ে জানা যায়, ধস্তাধস্তিতে জড়িয়ে পড়া ওই ব্যক্তির নাম সারোয়ার জাহান সুমন, আর ট্রাফিক সার্জেন্টের নাম রেজাউল করিম।
সারোয়ার জাহান সুমন জানান, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অফিস সহায়ক হিসেবে কর্মরত। তিনি ঘটনার দিন সাভার পরিবহনে করে কলাবাগানে স্টাফ কোয়ার্টারে যাচ্ছিলেন। শাহবাগ চত্বর পার হওয়ার সময় এক ট্রাফিক সার্জেন্ট বাসের হেল্পারের গায়ে আঘাত করেন। এরপর তিনি গিয়ে এর প্রতিবাদ করে বলেছেন, কারও গায়ে আঘাত করা ঠিক না। এ কথা বলা মাত্রই ঐ ট্রাফিক সার্জেন্ট তার শার্টের কলার চেপে ধরেন।
তবে এ অভিযোগ অস্বীকার করে রেজাউল করিম বলেন, আমরা রোড ডাইভারসনের কাজ করছিলাম,সেখানে এক হেল্পার এসে বেয়াদবি করেছিল। তাকে বলা হয়েছে, এখান থেকে চলে যাও। এসময় ঐ বক্তি এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আমি আমার বডি-ওর্ন ক্যামেরা অন করেছি। ক্যামেরাটা উনি কেড়ে নিয়ে ফেলে দিয়েছেন। পরে তিনি নিজের মোবাইল ক্যামেরা অন করেছেন। আমি যখন আমার মোবাইল ক্যামেরা অন করছিলাম, তিনি আমার মোবাইলও কেড়ে নিয়েছেন।
ওই ব্যক্তি সেখানে মব তৈরির চেষ্টা করেছেন অভিযোগ করে পুলিশ সদস্য দাবি করেন, ঘটনাস্থলে কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে ধরে আক্রমণ করে এবং তার সরকারি বডি ক্যামেরা টানাটানি করে। তিনি বলেন, আমি ক্যামেরা অন করার পর সে আমার ক্যামেরা টানতে যায়। আমার নিরাপত্তার জন্য আমি অস্ত্র ধরতে বাধ্য হই। তারা আমাকে ধাক্কা দেয় এবং সরকারি কাজে বাধা দেয়।
আরও পড়ুন<<>>অস্ত্র উদ্ধারে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
এসময় অভিযুক্ত ব্যক্তি অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি (পুলিশ) নিজেই উত্তেজিত হয়ে ক্যামেরা টান দিয়েছেন, পরে সেটা পড়ে যায়। আমি ক্যামেরা তুলে তাকে দিতে চাই, কিন্তু তিনি নেননি। এরপর আমার মোবাইল নিয়ে নেন।
তিনি আরও দাবি করেন, আমাকে মারতে মারতে এখানে আনা হয়েছে। এখানে এনে আমাকে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। আমার শরীরে আঘাতের চিহ্ন আছে।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ওই ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। তারা নিজেদের মধ্যে আপস-মিমাংসা করেছেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































